ডিও প্রথা বাতিল বহাল না হলে ব্যবসা বন্ধের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীরা সরকারের পরিবেশক নিয়োগের নতুন নিয়ম বাতিল করে সরবরাহ আদেশ (ডিও) ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়েছেন। এই দাবি নিয়ে এফবিসিসিআইয়ের সভাপতির মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এতেও সমস্যার সমাধান না হলে তাঁরা একযোগে পাইকারি বাজারের ব্যবসা বন্ধ করে দেবেন।গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতি ও ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।চট্টগ্রামে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত বৈঠকে ব্যবসায়ীরা বলেন, ডিও প্রথা বন্ধ করার কোনো সুযোগ নেই। কারণ এর বাইরে পাইকারি ব্যবসায়ীরা কোন পদ্ধতিতে পণ্য বিক্রি করবেন, তার কোনো ব্যাখ্যা সরকারের নতুন গেজেটে নেই। নতুন পরিবেশক নিয়োগের প্রথা চালু হলে পণ্যের দাম নিয়ন্ত্রণ নয়, ব্যবসায়ীদের ওপর পুলিশি নৈরাজ্যের নতুন সুযোগ সৃষ্টি হবে।অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হাবিব, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমেদসহ তিন সংগঠনের নেতারা বক্তৃতা করেন। বৈঠকে প্রায় ৮০-৯০ জন ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন। বৈঠকের পর মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ‘কেবল ঢাকা-চট্টগ্রাম নয়, প্রয়োজনে খুলনা, নারায়ণগঞ্জসহ অন্যান্য এলাকার পাইকারি ব্যবসায়ীদের নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যার কথা বলব। এতে কাজ না হলে ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প থাকবে না।’এনায়েত উল্লাহ বলেন, সরকার বহুজাতিক কোম্পানির আদলে পরিবেশক নিয়োগ দিতে চায়। কিন্তু ভোগ্যপণ্য আর কাপড়ের পাউডার বিক্রি এক কথা নয়। আনোয়ার হাবিব বলেন, পরিবেশক নিয়োগের নতুন নিয়ম অনুযায়ী এক থানার পণ্য অন্য থানায় নেওয়া যাবে না। এতে পুলিশের অরাজকতা শুরু হবে। বাংলাদেশ ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সহসভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘সরকার ডিও ব্যবসাকে এমনভাবে উপস্থাপন করল, যেন আমরা হাইজ্যাক করে পণ্য এনে বাজারে বিক্রি করছি।’খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক নুরুল আলম বলেন, ‘সরকার ব্যবসায়ীদের চেয়ে বেশি দামে চাল আমদানি করছে। অতিরিক্ত দাম দেখিয়ে বিদেশে টাকা পাচার করছে। সরকার যদি বেশি চাপাচাপি করে, তাহলে আমরা এক বছর ব্যবসা বন্ধ রাখব।’ বৈঠকে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতা এনায়েত উল্লাহকে আহ্বায়ক করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য একটি কমিটি করা হয়।