ডিক্রিরচরে ফের কাবাডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর মাঠে গত শুক্রবার প্রয়াত জাকির সরদার স্মৃতি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আলীরটেক ইউনিয়ন পরিষদ আয়োজিত এ খেলায় নারায়ণগঞ্জের উত্তর গোপালনগর যুবসংঘ মুন্সিগঞ্জের দোসরপাড়া তরুণ সংঘকে হারিয়ে জয়ী হয়।
আবহমান বাংলার ঐতিহ্যবাহী এ খেলা দেখতে মাঠে দর্শকের কমতি ছিল না। খেলা শুরু হয় বেলা তিনটায়। নির্ধারিত ৯০ মিনিটে ফল না হওয়ায় অতিরিক্ত ২০ মিনিটে খেলা গড়ায়। এ সময় ২-০ পয়েন্টের ব্যবধানে উত্তর গোপলনগর যুবসংঘ জয়ী হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী। আয়োজক আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘প্রয়াত জাকির সরদার ডিক্রিরচর এলাকার একজন ব্যবসায়ী এবং কাবাডি খেলার অনুরাগী ছিলেন। এ মাঠে প্রায় ৩৫ বছর আগে কাবাডির আয়োজন করা হতো। মাঝে এই খেলা হারিয়ে যেতে বসেছিল। খেলাটি আবার ফিরিয়ে আনতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে টুর্নামেন্টের আয়োজন করেছি।’
আয়োজক কমিটি জানায়, টুর্নামেন্টে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে মোট ১২টি দল অংশ নেয়। গত ২৯ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল।