ডিগবাজি খাওয়া কাশেমের সমর্থনে লোটাস পরিবার!
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী সেই দলছুট নেতা আবুল কাশেমকেই সমর্থন দিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণের একাংশ) আসনের আওয়ামী লীগের সাংসদ ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আ হ ম মুস্তফা কামাল লোটাস কামাল।ইতিমধ্যে দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী আবুল কাশেমের পক্ষে মাঠে নেমে কাজ করছেন তাঁর সহোদর ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার। ১১ অক্টোবর ওই ইউনিয়নসহ উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন হবে। স্থানীয় বাসিন্দা ও ভোটারদের অভিযোগ, এ নির্বাচনে সাংসদ লোটাস কামাল, তাঁর ভাই কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল হামিদ, আরেক ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, ভাতিজা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম এলাকায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।তথ্যানুসন্ধানে জানা গেছে, ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনের পর থেকে চারদলীয় জোটের শাসনামলে আবুল কাশেম বাগমারা এলাকার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে কমপক্ষে দুই ডজন মামলা করিয়েছেন। বর্তমান সাংসদ ও তাঁর পরিবারের সদস্যদেরও আসামি করেছেন।২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আবুল কাশেম লোটাস কামালের বিরুদ্ধে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেন। আবার ২০০৯ সালের ডিসেম্বর মাসে বাগমারা উচ্চবিদ্যালয়ের মাঠে লোটাস কামালের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পাওয়ার জন্য লোটাস কামালের বাড়িতে তৃণমূলের ব্যানারে এক ভোটাভুটি হয়। এতে আবুল কাশেম আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের চেয়ে আট ভোট বেশি পান। জানতে চাইলে মোতালেব হোসেন বলেন, ‘আবুল কাশেম আমাদের চারদলীয় জোট সরকারের আমলে হামলা ও মামলা দিয়েছে। আমরা আওয়ামী লীগের মতো বড় দল হয়েও ডিগবাজি দেওয়া বিতর্কিত ব্যক্তিকে চেয়ারম্যান পদপ্রার্থী করলাম। এর প্রতিবাদ জানাতেই আমি প্রার্থী হয়েছি।’ আবুল কাশেম বলেন, ‘আমি বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি করি। তৃণমূলের নেতা-কর্মীরা আমাকে ভোট দিয়ে প্রার্থী করেছেন। আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচারে নেমেছে। এ নিয়ে কথা বলতে চাই না।’ সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের মজুমদার বলেন, ‘চারদলীয় জোট সরকারের আমলের ক্ষত এখনো দূর হয়নি। কিন্তু আওয়ামী লীগের পাঁচজন একত্র হতে না পারায় কাশেম বেশি ভোট পেয়ে দলীয় সমর্থন পেয়েছেন। এর বেশি কিছু আর বলতে পারব না।’উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, ‘মাঠের নেতা-কর্মীদের ভোটে আবুল কাশেম প্রার্থী ও দলীয় সমর্থন পেয়েছেন। আমি দূর থেকে তাঁর জন্য খাটছি।’এ ব্যাপারে সাংসদ আ হ ম মুস্তফা কামালের তিনটি মুঠোফোনে গতকাল রাতে একাধিকবার ফোন করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।