ডিগবাজি খেয়ে বাস খাদে, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩৭

সড়ক থেকে ডিগবাজি খেয়ে বাস পড়ে যায় অন্তত ২০ ফুট নিচের খাদে। এতে ৩৭ জন পোশাকশ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের মধ্যে ৩৪ জনই নারী শ্রমিক। আজ বুধবার সকাল সোয়া আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়ার ভেল্লাপাড়া সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।
আহত ৩৭ শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। আহত শ্রমিক বিলকিস (২৫) ও মৌসুমিকে (১৮) নিউরোসার্জারি বিভাগে এবং সালমাকে (২৫) অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া আহত শ্রমিকদের মধ্যে আরও দুই অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। নূরজাহান বেগম (২৫) ও মনোয়ারা বেগম (২০) নামের ওই দুজনকে প্রসূতি বিভাগে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
আহত ব্যক্তিরা সবাই পটিয়ার পাঁচুরিয়া এলাকা কোহিনুর অ্যাপারেলসের শ্রমিক। নগরের কালামিয়া বাজার থেকে চারটি বাসযোগে প্রতিদিনের মতো রওনা দেন শ্রমিকেরা। চারটি বাসের মধ্যে একটি দুর্ঘটনায় পড়ে।
ঘটনার বর্ণনা দিয়ে আহত রেহেনা বেগম বলেন, ‘সকাল সাড়ে সাতটায় আমরা নগরের কালামিয়া বাজার এলাকা থেকে প্রতিদিনের মতো বাসযোগে রওনা হই। আমাদের বাস ছিল দ্বিতীয় নম্বরে। বাসটি ভেল্লাপাড়া সেতু অতিক্রম করে পাশের খাদে পড়ে যায়। পড়ার আগে একবার ডিগবাজি খায়।’
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ বি এম মিজানুর রহমান বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমরা এটি উদ্ধারের চেষ্টা করছি। আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।’
আহত শ্রমিকদের মধ্যে ৩৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে হাসপাতালের কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান।
আহত শ্রমিকদের মধ্যে ২০ জনকে ভর্তি করা হয়েছে ক্যাজুয়ালটি ওয়ার্ডে। তাঁদের বেশির ভাগই হাত, পা, মুখ ও কোমরে ব্যথা পান। ক্যাজুয়ালটি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক বিপ্লব মজুমদার বলেন, আহত শ্রমিকদের অবস্থা শঙ্কামুক্ত। কেউ হাতে, কেউ পায়ে ব্যথা পেয়েছেন। তাঁদের শুশ্রূষা চলছে।