ডিগ্রি কলেজ না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের প্রত্যন্ত জনপদ শাল্লা উপজেলায় কোনো ডিগ্রি কলেজ না থাকায় উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের চরম ভোগান্তি ও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ পরিস্থিতিতে অনেক দরিদ্র শিক্ষার্থী শিক্ষাজীবনের ইতি টানছেন বলে জানা গেছে। শিক্ষার্থীরা জানান, উপজেলার একমাত্র শাল্লা কলেজটি ১৯৮৬ সালে শিক্ষানুরাগীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটি উচ্চমাধ্যমিক কলেজ। বর্তমানে এ প্রতিষ্ঠানে ৪০২ জন শিক্ষার্থী রয়েছে। এ কলেজটির শিক্ষার্থীরা তিন বছর ধরে ভালো ফলাফলও করে আসছে। আশরাফ আহমদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘উচ্চমাধ্যমিক পাস করে শাল্লা উপজেলার অনেক গরিব ও মেধাবী শিক্ষার্থী আর পড়াশোনা করতে পারছেন না। কারণ, উপজেলায় কোনো ডিগ্রি কলেজ নেই। এ অবস্থায় শাল্লা কলেজটিকে ডিগ্রি কলেজে উন্নীত করা হলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পেতেন।’ উপজেলার পাহাড়পুর বসন্তকুমার পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল রঞ্জন দাস বলেন, ‘ইচ্ছে থাকলেও অনেক গরিব শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পাস করে জেলা শহর সুনামগঞ্জ কিংবা বিভাগীয় শহর সিলেটে গিয়ে পড়াশোনা করতে পারে না। কারণ, সেসব শহরে থেকে পড়াশোনা চালাতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। এ অবস্থায় হাওরাঞ্চলের সামগ্রিক শিক্ষাকে এগিয়ে নিতে উপজেলায় একটি ডিগ্রি কলেজ জরুরি প্রয়োজন হয়ে পড়েছে।’ শাল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির দাশ পুরকায়স্থ প্রথম আলোকে বলেন, ‘উপজেলার একমাত্র কলেজটিতে ডিগ্রি কোর্স চালুর জন্য আমরা দুই বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছি। গত মাসে একটি প্রতিনিধিদল সফর করে গেছে। আশা করছি, কলেজটিতে শিগগিরই ডিগ্রি কোর্স চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন দেবে।’