সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজে স্নাতক (সম্মান) ও ডিগ্রি কোর্স চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। এই দাবিতে ‘জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্র ঐক্য পরিষদ’-এর আমরণ অনশন কর্মসূচির এক দিন আগেই গতকাল মঙ্গলবার মন্ত্রী এ ঘোষণা দেন।
এই ঘোষণার কথা জানতে পেরে আন্দোলনরত ছাত্র ঐক্য পরিষদ আজ বুধবারের অনশন কর্মসূচি স্থগিত করে গতকাল বিকেলে সিলেট শহরে এসে আনন্দ মিছিল করেছে। এ জন্য জকিগঞ্জ সরকারি কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
গতকাল দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেটে তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এ ঘোষণা দেন। মন্ত্রীকে আওয়ামী লীগের স্থানীয় নেতারা আগেই শিক্ষার্থীদের দাবির বিষয়টি জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দিয়েছেন।
গতকাল যোগাযোগ করা হলে শিক্ষামন্ত্রী মার্চ মাস থেকে জকিগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি কোর্স চালু করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। এ ছাড়া স্নাতক (সম্মান) কোর্স চালুর বিষয়টি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করার আশ্বাস দেন তিনি।
কলেজ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ সরকারি কলেজ ১৯৮৮ সালে জাতীয়করণের সময় ডিগ্রি কোর্স চালুর দাবি উঠেছিল। গত ২৮ বছরেও এ দাবি পূরণ না হওয়ায় কলেজের ছাত্রছাত্রীরা ‘জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্র ঐক্য পরিষদ’ গঠন করে স্নাতকসহ (সম্মান) ও ডিগ্রি কোর্স চালুর দাবিতে ২ ফেব্রুয়ারি থেকে টানা কর্মসূচি পালন শুরু করে। তাঁরা ওই দিন পাঁচ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করে একটি স্মারকলিপি স্থানীয় সাংসদ সেলিম উদ্দিনের কাছে হস্তান্তর করেন। আজ বুধবার কলেজ চত্বরে ছাত্র ঐক্য পরিষদ আমরণ অনশন কর্মসূচি পালনের ডাক দিয়েছিল।
ছাত্র ঐক্য পরিষদের সভাপতি গুলজার আহমদ ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান পাটোয়ারী বলেন, আমরণ অনশন কর্মসূচি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করার প্রাক্কালে ডিগ্রি কোর্স চালুর ঘোষণা আসে। স্নাতক (সম্মান) কোর্স চালুর দাবিও পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস শিক্ষামন্ত্রীর কাছ থেকে পাওয়ায় আন্দোলনের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।