ডিগ্রি না থাকলেও বিশেষজ্ঞ তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও এমআরসিএস (মেম্বার অব রয়্যাল কলেজ অব সার্জনস) ডিগ্রির পরিচয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন হবিগঞ্জের ইউনাইটেড শিশু ও জেনারেল হাসপাতালের চিকিৎসক বখতিয়ার উদ্দিন জুয়েল। তাঁর এই পদ ও ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলার পর গত সপ্তাহে হাসপাতালের সাইনবোর্ড ও ব্যবস্থাপত্র থেকে রাতারাতি তিনি ডিগ্রি ও পদবিগুলো উঠিয়ে নিয়েছেন। তবে ডিগ্রি উঠিয়ে নিলেও সাইনবোর্ড ও ব্যবস্থাপত্রে তিনি বিশেষজ্ঞ হিসেবে বহাল রয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন স্থানে লাগানো সাইনবোর্ডে লেখা রয়েছে—‘সহকারী অধ্যাপক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বিশেষজ্ঞ চিকিৎসক’।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা শহরে অবস্থিত ওই হাসপাতালে এক বছর ধরে সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রোগীদের চিকিৎসা দেন বখতিয়ার। তিনি তাঁর চিকিৎসার ব্যবস্থাপত্রে এমবিবিএস (ডিএমসি), এমএস (ইউরোলজি), এমআরসিএস (ইউকে), কিডনি বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ ব্যবহার করেন। পাশাপাশি তিনি নিজেকে ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে উল্লেখ করেন। সম্প্রতি তাঁর এমআরসিএস ডিগ্রি ও পদবি নিয়ে স্থানীয় চিকিৎসকেরা প্রশ্ন তোলেন।নাম প্রকাশ না করার শর্তে হবিগঞ্জের দুই বিশেষজ্ঞ চিকিৎসক জানান, বখতিয়ার কোনো বিশেষজ্ঞ নন। তাঁর এমআরসিএস বা এফআরসিএস ডিগ্রি নেই।২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত এমআরসিএস পাস করা বাংলাদেশি চিকিৎসকদের তালিকায় দেখা গেছে, তাতে বখতিয়ারের নাম নেই। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর নামে কোনো সহকারী অধ্যাপককে পাওয়া যায়নি।অনুসন্ধানে দেখা গেছে, বখতিয়ার উদ্দিন জুয়েল ঢাকার মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের একজন চিকিৎসা কর্মকর্তা ছিলেন। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক পদে তাৎক্ষণিক বদলি করা হয়।সাইনবোর্ড ও ব্যবস্থাপত্র থেকে পদবি ও ডিগ্রি উঠিয়ে নেওয়ার পর তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।হবিগঞ্জ সিভিল সার্জন শফিকুর রহমান চৌধুরী বলেন, বখতিয়ার উদ্দিনের বিরুদ্ধে ভুয়া পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ তাঁরা পেয়েছেন। তিনি বিশেষজ্ঞ পদবি ব্যবহার করতে পারেন কি না, তা খতিয়ে দেখা হবে।