প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সভা
ডিগ্রি স্তরে এক লাখ ৩৪ হাজার শিক্ষার্থী উপবৃত্তি পাবেন
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের মাধ্যমে ডিগ্রি স্তরের এক লাখ ৩৩ হাজার ৮২২ জন শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে। এর আওতায় স্নাতক ও সমমানের পর্যায়ে দরিদ্র ও মেধাবী নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী মাসে ২০০ টাকা হারে উপবৃত্তি, বই কেনা বাবদ দেড় হাজার টাকা এবং পরীক্ষার ফি এক হাজার টাকা মিলে বছরে মোট চার হাজার ৯০০ টাকা পাবেন।গতকাল বুধবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদ ও ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এক সংবাদ ব্রিফিংয়ে জানান, চলতি অর্থবছর থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টি বোর্ডের অধীনে স্নাতক ও সমমানের পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো হবে।প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বাসস জানায়, তাঁর সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং শিক্ষা খাতের উন্নয়ন নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ২০ এপ্রিল ট্রাস্ট ফান্ড গঠনের নির্দেশ দেন। ইতিমধ্যে সরকার এই তহবিলে এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ ও ট্রাস্টি বোর্ডের প্রথম সভা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ।