ডিগ্রির অবকাঠামোয় অনার্স-মাস্টার্স শ্রেণীকক্ষ ও আবাসনসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি কলেজে শ্রেণীকক্ষ সংকটের কারণে শাখা অনুযায়ী ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। স্নাতক সম্মান ও স্নাতকোত্তরের কার্যক্রম বাড়লেও শ্রেণীকক্ষ বাড়েনি। বাড়েনি একাডেমিক ভবন। কলেজে উচ্চশিক্ষা শুরু হলেও শিক্ষার্থী অনুপাতে ছাত্র ও ছাত্রীনিবাস বৃদ্ধি করা হয়নি। কলেজ সূত্রে জানা গেছে, সম্মান ও মাস্টার্স কোর্স চালু হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। কিন্তু শিক্ষা কার্যক্রম বাড়ানোর সঙ্গে সঙ্গে শ্রেণীকক্ষের সংখ্যা ও সুযোগ-সুবিধা বাড়ানো হয়নি। কলেজে ১৪টি বিভাগে সম্মান শিক্ষাক্রম চালু করা হয়েছে। শ্রেণীকক্ষ না বাড়ায় সম্মান চালু হওয়া বিভাগগুলোতে সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে।শিক্ষকদের কয়েকজন জানান, একই সময়ে দু-তিনটি ক্লাস থাকলে সমস্যা হচ্ছে। একই শ্রেণীতে একাধিক শাখা আছে। শ্রেণীকক্ষের অভাবে শাখা অনুযায়ী ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। একাধিক শাখার ক্লাস একই সঙ্গে গাদাগাদি করে নিতে হচ্ছে।দর্শন, ইসলামের ইতিহাস ও গণিত বিভাগে মাত্র একটি করে শ্রেণীকক্ষ আছে। বাংলা সম্মান তৃতীয় বর্ষের ছাত্র বিশ্বজিৎ ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘শ্রেণীকক্ষের সংকটের কারণে ক্লাস আছে জেনে গিয়ে দেখলাম, অন্য বর্ষের ক্লাস হচ্ছে। তখন অনেক সময় বসে থাকতে হয়। অনেক দিন ক্লাসই করা হয় না।’কলেজে শিক্ষা কার্যক্রম বাড়ানো হয়েছে। কিন্তু সেই অনুপাতে ছাত্রীনিবাস বাড়ানো হয়নি। ছাত্রীনিবাস পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘কলেজে উচ্চশিক্ষা শুরু হয়েছে। এখন দূর-দূরান্ত থেকে অনেকে এসে এখানে পড়তে চাইবে। কিন্তু চাহিদা অনুযায়ী আসন নেই। সম্মান প্রথম বর্ষের জন্য আসন আছে মাত্র ছয়টি। আবেদন পড়েছে ৪৫টি। এরা সবাই দূর-দূরান্ত থেকে এসেছে। ছাত্রী হোস্টেলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ অথবা খালি জায়গায় নতুন হোস্টেল নির্মাণ করা যেতে পারে।’কলেজ সূত্রে জানা গেছে, তিনতলা ভবনের ছাত্রীনিবাসে আসনসংখ্যা ১০০। এ ছাড়া ছাত্রীনিবাসে পানির সংকট প্রকট। গভীর নলকূপ না থাকায় পানি পাওয়া যায় না। বিশেষ করে শুকনো মৌসুমে পানির সমস্যা তীব্র হয়ে ওঠে। ছাত্রীনিবাসের পাশের পুকুর থেকে মোটরের সাহায্যে পানি তুলে সাময়িক চাহিদা পূরণ করা হচ্ছে। নিবাসটি অনেকটা অরক্ষিত অবস্থায় আছে। চারদিক খোলা। ছাত্রাবাসের নতুন ও পুরোনো ভবন মিলিয়ে আসনসংখ্যা হচ্ছে ৮২টি। কিন্তু আসনের চাহিদা হচ্ছে এর কয়েকগুণ বেশি। নতুন ভবনে আসনসংখ্যা মাত্র ৫০টি। অপরদিকে পুরোনো টিনশেডের ছাত্রাবাস সংস্কার করে সেখানে ৩২টি আসন তৈরি করা হয়েছে। কলেজের অধ্যক্ষ রণধীর দে প্রথম আলোকে বলেন, শ্রেণীকক্ষ, একাডেমিক ভবন এবং ছাত্র ও ছাত্রী হোস্টেলের সমস্যা প্রকট। একাডেমিক ভবন নির্মাণ জরুরি হয়ে পড়েছে।