ডিঙি নৌকার কদর বেড়েছে চলনবিলে
চলনবিলে এখন থইথই পানি। গ্রামের মেঠো পথগুলো পানির নিচে। এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত ও মাছ ধরার জন্য এখন ভরসা ডিঙি নৌকা। ফলে এলাকায় ডিঙি নৌকা তৈরি ও বিক্রি বেড়েছে।
চাহিদা বাড়ায় চলনবিলের প্রাণকেন্দ্র গুরুদাসপুরের চাঁচকৈড়ে গড়ে উঠেছে ডিঙি নৌকা তৈরির অন্তত ২০টি কারখানা। আশপাশের জেলা ও উপজেলা থেকে মানুষজন ডিঙি নৌকা কিনতে ভিড় করছে চাঁচকৈড়ে নৌকা কেনাবেচার মোকামে। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বসছে ডিঙি নৌকা বিক্রির হাট। তবে দাম এবার একটু চড়া।
সিংড়া থেকে আসা ক্রেতা কায়েম উদ্দিন ও আরশেদ মিয়া বলেন, বিগত বছরের চেয়ে এবার চলনবিলে পানি বেশি। মাছ ধরার কাজে এসব ডিঙি নৌকা ব্যবহৃত হয় বেশি। তাই সুযোগ বুঝে চড়া দাম নিচ্ছেন বিক্রেতারা।
সিরাজগঞ্জের সলঙ্গা থেকে নৌকা কিনতে এসেছেন আবদুল কাদের ও রবিউল। তাঁরা জানালেন, চলনবিলে পানি বেশি হওয়ায় এবার মাছ ধরার লোকের সংখ্যাও বেড়েছে।
নৌকা ব্যবসায়ী আলাউদ্দিন ও জাহিদুল ইসলাম জানালেন, চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিটি ডিঙি নৌকা ১ হাজার ৫০০ থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অথচ তিন বছর ধরে এসব নৌকা প্রতিটি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হতো।