ডিঙির আয়ে সংসার চলে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ডিঙি তৈরি ও বেচা-কেনার মৌসুম শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০ হাজার লোক এ কাজে ব্যস্ত সময় পার করছেন। বাকি বছর অন্য কাজে ব্যস্ত থাকলেও বর্ষার ছয় মাস এসব নৌকা তৈরির আয় দিয়ে সংসার চলে তাঁদের।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, তাড়াইল সদরের সেকান্দরনগর, জামতলা বাজার, কাওয়াখালী, নয়াপাড়া, দামিহা, ধলা, কড়ইতলা ও আজবপুর এলাকায় লোকজন নৌকা তৈরির কাজে ব্যস্ত। কেউ করাত দিয়ে কাঠ কাটছেন, কেউ বা হাতুড়ি দিয়ে নৌকায় পেরেক ঠুকছেন, কেউ আবার তৈরি নৌকা বেচা-কেনা করছেন।
এ সময় কয়েকজন বলেন, তাড়াইলের তৈরি ডিঙির সুনাম রয়েছে দীর্ঘদিনের। কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ আশপাশের নেত্রকোনার কেন্দুয়া ও ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে অনেকেই এখানকার ডিঙি কিনে নিয়ে যান। এসব নৌকা বর্ষার সময় হাওরাঞ্চলে মাছ ধরার কাজে বেশি চলে।
করিমগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকার জেলে আব্দুল কুদ্দুস এসেছেন তাড়াইল থেকে ডিঙি কিনতে। তিনি প্রথম আলোকে বলেন, অন্যান্য অঞ্চল থেকে তাড়াইলের তৈরি নৌকার গুণগত মান ভালো।
ডিঙি তৈরির সঙ্গে জড়িত কয়েকজন বলেন, আম, শিমুল ইত্যাদি গাছের কাঠ দিয়ে এসব নৌকা তৈরি করা যায়। কাঠ ভেদাভেদে এর দাম হয় ৩ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত। আম কাঠের তৈরি ৩ থেকে ৪ হাজার টাকার নৌকা বেশি বিক্রি হয়।
জামতলা বাজারে নৌকা তৈরির কাজে ব্যস্ত মো. শাহাবুদ্দিন মিয়া (৫৫)। তিনি বলেন, তিনি ছোটবেলায় ১০ টাকা দৈনিক পারিশ্রমিকে নৌকা বানানোর কাজ শুরু করেছিলেন। এখন তিনি নিজেই বিভিন্ন জায়গা থেকে গাছ কিনে তা থেকে কাঠ বের করে নৌকা বানিয়ে বিক্রি করেন। এর আয় দিয়ে ছয় মাস তাঁর ছয় সদস্যের পরিবার চলে। বাকি সময় তিনি অন্যের ঘর তৈরিতে মিস্ত্রি হিসেবে কাজ করে পরিবারের ভরণপোষণ করেন।
মাইঝপাড়া এলাকার আব্দুল হাদি (৬০) বলেন, তিনি বিয়ের পর থেকে অন্যের দোকানে নৌকা তৈরির মিস্ত্রি হিসেবে কাজ করছেন। বছরের বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত তিনি এ কাজ করেন। প্রতিটি ডিঙি তৈরির মজুরি হিসেবে তাঁকে ৭০০ টাকা করে দেওয়া হয়। গড়ে প্রতিদিন তিনি দেড়টি নৌকা বানাতে পারেন।
ডিঙি ব্যবসায়ী সুনীল চন্দ্র সূত্রধর বলেন, সাধারণত বছরের ছয় মাস নৌকা বেচা-কেনা হলেও জ্যৈষ্ঠ-আষাঢ়ে বিক্রির ধুম পড়ে। কিন্তু এ বছর আগাম পানি আসায় বৈশাখের শুরুতেই প্রচুর ডিঙি বিক্রি হয়। এখন গাছ ও লোহার দাম বাড়ায় এবং কাঠ চেড়ানো ও পরিবহন খরচ শেষে আগের মতো তেমন লাভ থাকে না।