ডিজিএফআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না: প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) সব সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা এখন থেকে তাঁদের মূল বেতনের ৩০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন। মে মাস থেকেই এই বর্ধিত ভাতা কার্যকর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার ডিজিএফআই কার্যালয়ে এ ঘোষণা দেন। তিনি সংস্থাটির নতুন লোগোও উন্মোচন করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যজনক যে অতীতে ডিজিএফআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা একে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাই না। বরং এর সুনাম অক্ষুণ্ন রেখে একে একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।’
ডিজিএফআইয়ের কর্মকর্তারা জানান, এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ডিজিএফআই কার্যালয় পরিদর্শনে এলেন। গতকাল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী আসেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল আকবর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
ডিজিএফআই কার্যালয়ে সাড়ে তিন ঘণ্টা অবস্থানকালে প্রধানমন্ত্রী সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তাদের দরবারে ভাষণ দেন এবং তাঁদের কথাবার্তা শোনেন। পরে তিনি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। সেখানে তিনি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।
দরবারের উপস্থিত কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী ভাষণে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাষ্ট্রীয় ক্ষমতা অাঁকড়ে রাখার জন্য এ বাহিনীকে ব্যবহার করে এর ভাবমূর্তি ও মর্যাদাকে ভূলুণ্ঠিত করা হয়েছিল। এ সংস্থার ওপর জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট করে দেওয়া হয়েছিল।
শেখ হাসিনা বলেন, ‘অতীতের স্বৈরাচারী শাসকেরা ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। কিন্তু আমরা কাউকে মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেব না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধভাবে নিজেদের প্রস্তুত রাখতে হবে।’
প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তবে কোনো দেশ আক্রমণ করলে প্রতি আক্রমণের জন্য ডিজিএফআইকেও প্রস্তুত থাকতে হবে।
শেখ হাসিনা বলেন, সারা দেশে নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ের জন্য ডিজিএফআই সদর দপ্তরে অত্যাধুনিক ডিজিটাল কমান্ড সেন্টার (ডিসিসি) স্থাপন করা হয়েছে।
ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল আকবর হোসেন সংগঠনটির পক্ষ থেকে একটি পালতোলা নৌকার ছবি প্রধানমন্ত্রীকে উপহার দেন। প্রধানমন্ত্রীও এ সময় মহাপরিচালকের হাতে একটি ক্রেস্ট তুলে দেন।