ডিজিএফআইয়ের অনেক উদ্যোগ সমর্থন করিনি: মইন
বিগত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিজিএফআইয়ের অনেক উদ্যোগ সমর্থন করেননি ত ৎ কালীন সেনাপ্রধান মইন উ আহমেদ। ওই সরকারের সন্ত্রাসবাদবিরোধী প্রধানেরও অনেক কার্যক্রম অনুমোদন করেননি তিনি।ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনেটা ডেসালিয়েনের সঙ্গে বৈঠকে জেনারেল মইন এই দাবি করেন। উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক তারবার্তায় এ কথা বলা হয়েছে।তারবার্তার সূচনা অংশে সেনাপ্রধান মইনকে এক-এগারোর পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের ‘স্থপতি’ বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ওই ভূমিকার জন্য মইন নায়ক, নাকি ভিলেন—তা নিয়ে জনগণের মধ্যে এখনো বিতর্ক রয়েছে। তবে তিনি দুটি প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করছেন; আর মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেনাপ্রধানের পদ থেকে অবসর নিয়েছেন।তারবার্তায় ‘বিতর্কিত, কিন্তু কথা রাখা মানুষ’ অনুশিরোনামে বলা হয়, অনেকের মতে, সেনাপ্রধান মইন ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচন স্থগিত করে সংবিধান লঙ্ঘন করেছেন। অন্য পক্ষের মত, ওই সময় রাজনৈতিক সংঘাত বন্ধে মইন যে সাহসী ভূমিকা পালন করেন, এ জন্য তাঁকে পুরস্কৃত করা উচিত। ২০০৮ সালের জুনে তত্ত্বাবধায়ক সরকার সেনাপ্রধান পদে মইনের মেয়াদ এক বছর বাড়ালে বিভিন্ন মহলে গুজব ওঠে, এটা মইনের দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার ইঙ্গিত। কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের পর ২০০৯ সালের ১৪ জুন অবসর নিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেন তিনি।বিডিআর বিদ্রোহে মইনের ভূমিকা নিয়ে তারবার্তায় বলা হয়, ওই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করেন। বিদ্রোহ দমনে সেনাবাহিনীর একটি অংশ শক্তি প্রয়োগের পক্ষে অবস্থান নিলেও প্রধানমন্ত্রী আলোচনার উদ্যোগ নেন। প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তে সেনাবাহিনীর মধ্যে প্রশ্ন ওঠে এবং প্রধানমন্ত্রীর নির্দেশমতো কাজ করায় বাহিনীর ভেতরেই সেনাপ্রধান মইনের সমালোচনা হয়। এ পরিস্থিতিতেও প্রধানমন্ত্রীর নির্দেশ পালনের মাধ্যমে মইন প্রমাণ করেন, বাংলাদেশের সেনাবাহিনী তার ভূমিকা বোঝে। সেনাপ্রধান হিসেবে শেষ দিকে মইন সাতজন সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন। তারবার্তায় বলা হয়, এটাও প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে করা হয় বলে খবর রয়েছে। ওই সেনা কর্মকর্তারা বিডিআর বিদ্রোহের অনেক দিন পরও বেসামরিক সরকারের বিরুদ্ধে অব্যাহতভাবে উসকানি দিচ্ছিলেন বলে সরকার তথ্যপ্রমাণ পেয়েছিল।রেনেটা ডেসালিয়েনের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান মইন দাবি করেন, তিনি ডিজিএফআইয়ের অনেক উদ্যোগ অনুমোদন করেননি। তারবার্তায় ওই সব উদ্যোগের সুনির্দিষ্ট উল্লেখ না করে শুধু বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতিবিরোধী ব্যাপক গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেয় ডিজিএফআই। ওই সময় সরকারের সন্ত্রাসবাদবিরোধী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আমিন তাঁর কার্যক্রম সম্পর্কে যেমন অবহিত করেননি, তেমনি তিনি আমিনের সব কাজে সমর্থন দেননি বলে দাবি করেন মইন।দূতাবাসের তারবার্তায় বলা হয়, মইন উ আহমেদের ভবিষ্য ৎ তাদের কাছে স্পষ্ট নয়। সেনাপ্রধান হিসেবে অবসর নেওয়ার পর তিনি পরিবার নিয়ে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে অবকাশ কাটাতে যান। এখনো তিনি সেখানে রয়েছেন।তারবার্তার মন্তব্য অংশে বলা হয়, বাংলাদেশে বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক অস্বস্তিকর। সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের জন্য সরকারের আনুষ্ঠানিক চ্যানেলের অভাব রয়েছে। বিডিআর বিদ্রোহের সময় বিষয়টি ভালোভাবে ফুটে উঠেছে। আরও বলা হয়, বাংলাদেশের সেনাবাহিনী ধীরে ধীরে পেশাদারি হয়ে উঠছে। তারা রাজনৈতিক ভূমিকা থেকে দূরে সরে আসছে। রাজনীতিতে সেনাবাহিনীর প্রবেশের অনেক ইতিহাস থাকা এ অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর এমন ভূমিকা খুব ভালো খবর। তারবার্তার শেষে বাংলাদেশের বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নে সহায়তার আশা ব্যক্ত করা হয়।