ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মিজানুরকে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা মামলায় ডিজিএফআইয়ের জঙ্গি দমনসংক্রান্ত ব্যুরোর তৎকালীন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মিজানুর রহমানকে তিন আসামির পক্ষে জেরা শুরু হয়েছে।মিজানুর রহমানকে গতকাল রোববার তিন আসামি জঙ্গি নেতা মাওলানা সাব্বির, মাওলানা শেখ আবদুস সালাম ও আবদুল মাজেদ ভাটের পক্ষে জেরা করা হয়। আসামিদের পক্ষে আইনজীবী তারা মিয়া তাঁকে জেরা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আবু আবদুল্লাহ ভূঁইয়া ও আকরাম উদ্দিন।জেরা অসমাপ্ত থাকায় বাকি জেরার জন্য আজ সোমবার দিন ধার্য করা হয়। মিজানুর রহমান ৬ জুন আদালতে জবানবন্দি দেন।ইতিমধ্যে এ মামলায় ৬৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ওই সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলায় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।