২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মিজানুর রহমানকে গতকাল সোমবার পঞ্চম দিনের মতো আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। আজ মঙ্গলবার বাকি আসামিদের পক্ষে জেরার জন্য দিন ধার্য রয়েছে।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ গতকাল আসামি শরীফ শাহেদুল আলম ওরফে বিপুলের পক্ষে জেরা শেষ করা হয়। তবে ছয় আসামি—বিএনপির সাংসদ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, হানিফ পরিবহনের মালিক মো. হানিফ, হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হাই, মাওলানা আবদুস সালাম, মাওলানা শেখ ফরিদ ও পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার নেতা ইউসুফ বাটের পক্ষে জেরা করতে তাঁদের আইনজীবীরা অস্বীকৃতি (ডিক্লাইন) জানান। বর্তমানে নৌবাহিনীতে কর্মরত লেফটেন্যান্ট কমান্ডার মিজানকে হুজির সিলেট অঞ্চলের নেতা আসামি বিপুলের পক্ষে জেরা করেন আইনজীবী আনিসুর রহমান।আইনজীবী: আপনি ডিজিএফআইয়ের মিরপুর সেফ হোমে বিপুলকে জিজ্ঞাসাবাদের তথ্য তদন্ত কর্মকর্তাকে কি জানিয়েছেন?সাক্ষী: হ্যাঁ, জানিয়েছিলাম।আইনজীবী: আসামি বিপুলকে কোথায়, কোন তারিখে গ্রেপ্তার করা হয়?সাক্ষী: সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। তবে তারিখ মনে নেই।আইনজীবী: বিপুলকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকার ঘোষণার কথা আপনার জবানবন্দিতে ম্যাজিস্ট্রেটকে বলেছিলেন কি?সাক্ষী: হ্যাঁ, বলেছিলাম।আইনজীবী: আপনি আসামি হিসেবে বিপুলের নাম ছাড়া তাঁর বিরুদ্ধে অন্য কোনো তথ্য দিতে পারেন নাই।সাক্ষী: এ কথা সত্য নয়।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আইনজীবী আবু আবদুল্লাহ ভূঁইয়া ও আকরাম উদ্দিন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মিজানুর রহমান গত ৬ জুন আদালতে সাক্ষ্য দেন।