২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমিকে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে। গতকাল রোববার জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ১৯ আসামির পক্ষে সাবেক এই গোয়েন্দা কর্মকর্তাকে জেরা করা হয়। বাকি আসামিদের পক্ষে জেরা করতে আজ সোমবার দিন ধার্য করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূরউদ্দিন।ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাদিক হাসান ৫ নভেম্বর এ মামলায় সাক্ষ্য দেন। গতকাল জেরায় মুফতি হান্নানের আইনজীবী ফখরুল ইসলাম বলেন, ‘আপনি ২০০৭ সালের ১৭ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে গিয়েছিলেন মাইনাস টু ফর্মুলার অংশ হিসেবে তাঁকে বিদেশে যেতে বলতে।’ জবাবে সাদিক হাসান বলেন, ‘তৎকালীন চিফ অব আর্মি স্টাফ মইন উ আহমেদের নির্দেশে সেখানে গিয়েছিলাম।’প্রশ্ন: ডিজিএফআইয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বারী তৎকালীন সেনাপ্রধানের সঙ্গে বঙ্গভবনে গিয়েছিলেন, তা জানতেন কি? সাদিক হাসান: না, তবে অনেক তথ্য আমার কাছে গোপন করা হতো। এ সময় সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান আপত্তি জানিয়ে বলেন, আসামিপক্ষ যে ধরনের প্রশ্ন করছে, তা প্রাসঙ্গিক নয়। আদালত তখন আসামিপক্ষের আইনজীবীদের প্রাসঙ্গিক বিষয়ে জেরা করতে বলেন।আসামিপক্ষের আইনজীবীরা আবার প্রশ্ন করেন, আপনাকে মামলার তদন্ত কর্মকর্তা কত তারিখে কোথায় জিজ্ঞাসাবাদ করেছেন? সাদিক হাসান বলেন, তাঁকে ২০১০ সালের ১৯ ও ২০ জুন সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।