ডিজিএফআইয়ের সাবেক ডিজিকে জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমিকে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে।গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ সাক্ষী সাদিক হাসানকে আসামি হরতাকুল জিহাদের নেতা মুফতি হান্নানের পক্ষে জেরা করা হয়। আসামিপক্ষের জেরা শেষ না হওয়ায় ১৮ ও ১৯ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন আদালত। মুফতি হান্নানের আইনজীবী ফখরুল ইসলাম সাক্ষী সাদিক হাসানের কাছে জানতে চান, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যে অবহিত করেছিলেন, এ বিষয়ে কোনো দালিলিক প্রমাণ আছে কি না।জবাবে সাদিক হাসান বলেন, ঘটনার পরদিন তিনি খালেদা জিয়ার দপ্তরে গিয়ে তাঁকে হামলার বিষয়ে অবহিত করেন এবং ডিজিএফআইয়ের পক্ষ থেকে এ ঘটনা অনুসন্ধানের অনুমতি চেয়েছিলেন। তবে এর কোনো দালিলিক প্রমাণ নেই। আরেক প্রশ্নের জবাবে ডিজিএফআইয়ের সাবেক এই মহাপরিচালক (ডিজি) বলেন, গ্রেনেড হামলার ঘটনায় দুজন মন্ত্রীর নাম আসার পর এ ব্যাপারে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘টকিং পয়েন্টের’ মাধ্যমে অবহিত করেছিলেন। তবে এর দিন-তারিখ তাঁর মনে নেই। মুফতি হান্নানের পর এ মামলার পলাতক আসামি জাহাঙ্গীর আলম ওরফে বদর ও মহিবুল মুত্তাকিমের পক্ষে সাদিক হাসানকে জেরা করা হয়।ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। সাদিক হাসান ৫ নভেম্বর এ মামলায় সাক্ষ্য দেন।