সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে মিল্ক ভিটা কারখানার উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) লাঞ্ছিত করার ঘটনার তদন্ত শেষ হয়েছে।ঢাকা কার্যালয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক প্রকৌশলী নূরুল ইসলাম, ব্যবস্থাপক গাজী ইব্রাহীম হোসেন ও বাঘাবাড়ী কারখানার ব্যবস্থাপক আজিজুর রহমানকে নিয়ে গঠিত তিন সদস্যের ওই কমিটি দু-একদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। বাঘাবাড়ী কারখানা সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল থেকে কমিটি তদন্তকাজ শুরু করে। কমিটির প্রধান নূরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তাঁরা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন। দু-একদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে জমা দেওয়া হবে। তিনি জানান, প্রতিবেদনে কারখানা চত্বরে বহিরাগত লোকজনের চলাচল শিথিল করতে অভ্যর্থনা কক্ষ নির্মাণের সুপারিশ করা হবে। ডিজিএমের লাঞ্ছিত হওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে তিনি বলেন, প্রতিবেদনেই বিস্তারিত উল্লেখ করা হবে।উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কারখানায় চুক্তিভিত্তিক বেশ কিছু শ্রমিক নিয়োগ দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার তাঁদের চাকরিচ্যুত করে। ওই শ্রমিকেরা নিয়োগ পুনর্বহালের দাবিতে গত সোমবার বাঘাবাড়ী কারখানার ডিজিএম খন্দকার আমিনুল ইসলামকে লাঞ্ছিত করেন।