ডিজিটাল আইনের মামলায় এক দম্পতি জামিন পেলেন
ডিজিটাল নিরাপত্তা আইনে বরগুনায় করা মামলায় আক্তারুজ্জামান ও তামান্না বেগম নামের এক দম্পতিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
জামিন চেয়ে তাঁদের করা আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসানের একক ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ ওই জামিন দেন।
ভুয়া ফেসবুক আইডি নিয়ে মানহানি ও আপত্তিকর পোস্টের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগে গত ৪ জুন ওই দম্পতির বিরুদ্ধে বরগুনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ললিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ডলি আক্তার।
এজাহার থেকে জানা যায়, ডলি আক্তারের স্বামী মো. মনিরুল ইসলাম গ্রামীণ ব্যাংকের বরগুনার বুড়িরচর শাখার কর্মকর্তা হিসেবে কর্মরত। আক্তারুজ্জামান গ্রামীণ ব্যংকের বরগুনার আমলতী হলদিয়া শাখায় কর্মরত। আক্তারুজ্জামান ও মনিরুলের মধ্যে গ্রামীণ ব্যাংক সমিতি ও অন্যান্য বিষয় নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে আখতারুজ্জামান দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মেহজাবিন মেহজাবিন’ নামে ফেক আইডি দিয়ে বাদী ও তাঁর স্বামীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর পোস্ট দেন।
আইনজীবীর তথ্যমতে, ওই মামলায় গত ৪ জুন মো. আক্তারুজ্জামান ও তাঁর স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়। জামিন চেয়ে ১৩ জুন বরগুনার ম্যাজিস্ট্রেট আদালত এবং ২০ জুন দায়রা আদালতে বিফল হন তাঁরা। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় প্রথম আলোকে বলেন, ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তামান্না বেগম নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। প্রকৃত ফেসবুক আইডিতে তামান্নাকে ক্ষমা প্রকাশ করতে বলে হাইকোর্ট তাঁদের ছয় মাসের জামিন দিয়েছেন। একই সঙ্গে নিয়মিত আদালত খুললে আবেদনটি উপস্থাপন করতে বলা হয়েছে।
ওই দম্পতির আইনজীবী সগীর হোসেন প্রথম আলোকে বলেন, আখতারুজ্জামান দম্পতির ৪ ও ১৪ বছর বয়সী দুটি সন্তান আছে। এই মানবিক বিবেচনায় জামিন চাওয়া হয়। জামিন হওয়ায় ওই দম্পতির কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।