ডিজিটাল আইল্যান্ড মহেশখালীর নবযাত্রা
ভাবা যায়! কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ মহেশখালী উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদান চলে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে। অথচ এই উপজেলা শিক্ষার হারে দেশের বেশির ভাগ উপজেলা থেকে পিছিয়ে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে ডিজিটাল আইল্যান্ড মহেশখালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মহেশখালী পৌরসভার গোরকঘাটার লামার বাজার মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সাবিহা নুর বলে, আগে পাঠ্যবইয়ের ছবি দেখে পড়ানো হতো। এখন স্কুলে প্রজেক্টরের মাধ্যমে সেই ছবি দেখানো হচ্ছে।
গোরকঘাটা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রশিদা আক্তার বলেন, প্রজেক্টরের মাধ্যমে বিদ্যালয়ে পাঠদান চলছে।
ওই দুটি স্কুলে প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করায় শিক্ষার্থীদেরও লেখাপড়ায় আগ্রহ বেড়েছে।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, টেলিমেডিসিনের মাধ্যমে হাসপাতাল থেকে কমিউনিটি ক্লিনিকে আসা রোগীকে এখন উন্নত সেবা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মহেশখালীতে ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। তিনি বলেছেন, ডিজিটাল আইল্যান্ডের মাধ্যমে এই দ্বীপের মানুষ সর্বোচ্চ গতিতে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবে। এই দ্বীপের ছেলেমেয়েদের উচ্চতর প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করা হবে। উপজেলার মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রসহ যেসব প্রতিষ্ঠান গড়ে উঠছে, সেখানে এলাকার সন্তানেরা কাজ পাবে। এ জন্য তাদের দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও পৌর মেয়র মকছুদ মিয়া। এ সময় কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার, কক্সবাজারের সিভিল সার্জন পু চ নু, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক নুর মোহাম্মদ আজম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ, মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শফিউল আলম উপস্থিত ছিলেন।