ডিজিটাল উদ্ভাবনী মেলা কাল শুরু
ঢাকায় কাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে। সরকারি সেবাকে দ্রুত, সহজে ও স্বল্পমূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ যেসব উদ্যোগ নিয়েছে, তা জনগণের সামনে তুলে ধরাই এ মেলার অন্যতম উদ্দেশ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। ইউএনডিপির (জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি) অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই), বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় যৌথভাবে এ মেলার আয়োজন করছে। ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও মেলা আয়োজক কমিটির আহ্বায়ক মো. আবদুল করিম জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৮২টি স্টল এবং বেসরকারি পাঁচটি সংস্থার ২০টি স্টল থাকবে মেলায়। টেলিভিশন, বেতার ও দৈনিক পত্রিকার জন্যও স্টল রাখা হয়েছে। তিনি বলেন, মোবাইল ফোনের মাধ্যমে বিল পরিশোধ, ঘরে বসে রেলের টিকিট কেনা, গ্রামে বসে উপজেলার চিকিত্সকের কাছ থেকে চিকিত্সা নেওয়া, মাল্টিমিডিয়া ব্যবহার করে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার মান উন্নয়ন, ইন্টারনেট থেকে ইউনিয়ন পরিষদে জীবন-জীবিকাভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য ও সেবাসহ নানা উদ্ভাবন স্থান পাচ্ছে মেলায়। সরকার মনে করে, ডিজিটাল বাংলাদেশের অন্যতম লক্ষ্য হচ্ছে জনগণের দুর্ভোগ কমানো। আবদুল করিম বলেন, মেলার পাশাপাশি প্রতিদিন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। ডিজিটাল উদ্ভাবনকে প্রণোদনা দিতে চারটি উদ্যোগকে পুরস্কার দেওয়া হবে।সংবাদ সম্মেলনে এটুআই প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ নজরুল ইসলাম খান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম প্রশাসন ও সরকারের নিচের স্তর থেকে শুরু করা হয়েছে। এ বছরের মধ্যে এক হাজার ইউনিয়নে তথ্যকেন্দ্র, আগামী বছর দুই হাজার এবং ২০১৩ সালের মধ্যে সারা দেশে ইউনিয়ন তথ্যকেন্দ্র স্থাপন করা হবে। সংবাদ সম্মেলনে তথ্যসচিব কামাল আবদুন নাসের চৌধুরী, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ সচিব আবদুর রব হাওলাদার, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহবুবুল হক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন।