ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপ্ত
বগুড়ায় শেষ হলো তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। গতকাল সোমবার সন্ধ্যায় বগুড়া জিলা স্কুল মাঠের মেলা মঞ্চে সমাপনী অনুষ্ঠান শেষে সেরা উদ্ভাবকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এবং বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এবারের মেলায় তরুণ উদ্ভাবক শ্রেণিতে প্রতিবন্ধীদের জন্য সৌরবিদ্যুৎ চালিত অটোরিকশা উদ্ভাবন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (বিট) শিক্ষার্থীরা, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধক প্রযুক্তি উদ্ভাবন করে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং কৃষিখাতের জন্য আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ সেরা হয়েছে।
এদিকে জ্যেষ্ঠ দলে (কলেজ পর্যায়) হাইড্রো-ইলেকট্রিক প্ল্যান্ট উদ্ভাবন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (বিট) সেরা হয়েছে।