ডিজিটাল ওয়ার্ল্ড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ তরুণেরাই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনের ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’ উদ্বোধন করেন তিনি।
বাসসের খবরে বলা হয়, প্রতি জেলায় হাইটেক পার্ক, প্রতিটি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হবে বলেও জানান তিনি।
ডিজিটাল সিগনেচারের মাধ্যমে চার দিনের এই তথ্যপ্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় একসঙ্গে তিনটি এক্সপো হচ্ছে। এগুলো হলো সফটওয়্যার খাতের মেলা সফটএক্সপো, ই-গভর্নেন্স ও মোবাইল ইনোভেশন এক্সপো।