ডিজিটাল ক্লাস রুমসহ পাঁচটি সেতুর উদ্বোধন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে সাতটি ক্লাসে মাল্টিমিডিয়ার মাধ্যমে ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় ওই ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করেন। এ ছাড়া পাঁচটি সেতুর উদ্বোধন করা হয়েছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় হাতে নিয়েছে, তারই অংশ হিসেবে পর্যায়ক্রমে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলো আধুনিক মাল্টিমিডিয়ায় সমৃদ্ধ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা ইন্টারনেট সুবিধা ব্যবহারের মাধ্যমে পাঠ্য বিষয়ের যেকোনো জটিল বিষয় অতি সহজেই সমাধান করতে পারবে।
অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মো. রবিউল হাসান, স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটি এম মামুন মো. শাহনেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, মঙ্গলপুর মাঈনুল হাসান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারীসহ স্কুলটির শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
এরপর দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে বোচাগঞ্জ উপজেলার রণগাঁও ইউনিয়নের পাঁচটি সেতুর উদ্বোধন করেন। এগুলো হলো বোচাগঞ্জের গোবিন্দপুর থেকে খঁনগাঁও হাইস্কুলে যাওয়ার রাস্তায় সোয়া খালের ওপর ৬০ ফুট সেতু, কড়-ই যাওয়ার রাস্তায় ৪০ ফুট সেতু, কুন্দুরি খাড়ির ওপর ৪০ ফুট সেতু, হাটরামপুর যাওয়ার রাস্তায় ৪০ ফুট ও বোলতলা খালের ওপর ৪০ ফুট দৈর্ঘ্যের সেতু।
এরপর খালিদ মাহমুদ চৌধুরী সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাত লাখ টাকা ব্যয়ে সেতাবগঞ্জ চিনিকল অফিসার্স ক্লাবের ফলক উন্মোচন করেন।