ডিজিটাল জন্মসনদ নিয়ে সমস্যায় অভিভাবকেরা
ডিজিটাল পদ্ধতিতে সন্তানের জন্মসনদ গ্রহণ করে সমস্যায় পড়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার কমপক্ষে ৫০ জন অভিভাবক। কিন্তু আগের মতো এই ডিজিটাল পদ্ধতির জন্মসনদ আর পরিবর্তন করার সুযোগ নেই। এতে অভিভাবকেরা সন্তানের এই ডিজিটাল জন্মসনদ নিয়ে বিপাকে পড়েছেন।
উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ, আটঘড়িয়া, নলছিয়াসহ বিভিন্ন গ্রামের অন্তত ১০ জন অভিভাবক, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার সময় শিক্ষার্থীদের বয়স সংশ্লিষ্ট বিদ্যালয়ের
শিক্ষকেরা ঠিক করে দেন। সেই হিসাবে তাদের সবার বয়স সরকারি নিয়ম অনুযায়ী ১০ থেকে ১১ বছরের মধ্যে রয়েছে।
কিন্তু জন্মের পরপরই স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে এসব শিশুর জন্য অভিভাবকেরা যে জন্মনিবন্ধন সনদ নিয়েছেন, সেটা অনুযায়ী তাদের বয়স ১৩ থেকে ১৪ বছর। একই শিশুর দুই রকম বয়স নিয়ে তৈরি হয়েছে বিড়ম্বনা।
চলতি বছরের শুরুর দিকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় বিদ্যালয় থেকে দেওয়া প্রশংসাপত্রে জন্ম তারিখ এবং ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধিত জন্মসনদের জন্মতারিখ দুই রকম হওয়ায় বিষয়টি ধরা পড়ে।
উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘড়িয়া গ্রামের অভিভাবক ফরিদুল ইসলাম বলেন, ছেলের জন্মসনদ থাকার পরও স্কুলের শিক্ষকেরা কিছু না জানিয়ে আরেকটি জন্মতারিখ বসিয়ে দিয়ে ঝামেলায় ফেলে দিয়েছেন। একই ধরনের সমস্যার কথা জানান পূর্ব আটঘড়িয়া গ্রামের অভিভাবক লাল চান তালুকদারসহ আরও পাঁচজন।
আটঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসব গুরুত্বপূর্ণ বিষয় অভিভাবকদের সঙ্গে কথা না বলে ঠিক করা হয় না। অভিভাবকেরাই আগে তোলা জন্মসনদের বিষয়টি না বলায় এ পরিস্থিতির তৈরি হয়েছে।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, এ ধরনের কোনো সমস্যার কথা তাঁর জানা নেই।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান গতকাল মঙ্গলবার বলেন, অনলাইনে জন্মসনদ পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তারপরও এ ধরনের সমস্যা কারও হয়ে থাকলে দপ্তরে এসে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।