ডিজিটাল জমানায় অ্যানালগ বিমানবন্দর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুর বিমানবন্দরে অনলাইন সেবা নেই৷ সেখানে এখনো টাইপরাইটারে কাজ চলে
সৈয়দপুর বিমানবন্দরে অনলাইন সেবা নেই৷ সেখানে এখনো টাইপরাইটারে কাজ চলে

দেশের প্রায় সব বিমানবন্দরেই অনলাইন সেবা চালু আছে৷ ব্যতিক্রম শুধু নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর৷ সেখানে এখনো টাইপরাইটারের ঠকাঠক শব্দ শোনা যায়৷ মান্ধাতা আমলের এ যন্ত্র দিয়েই চলছে কার্যক্রম৷
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর বিমানবন্দরে অনলাইন সেবা চালু না হওয়ায় অন্য বিমানবন্দরগুলোর সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ রক্ষা করা হচ্ছে৷ কোনো জরুরি বার্তার ক্ষেত্রেও ডাক বিভাগ বা কুরিয়ার সার্ভিসের ওপর নির্ভর করতে হচ্ছে৷ তবে কোনো কোনো ক্ষেত্রে জরুরি বার্তা পেঁৗছে দেওয়া হচ্ছে মুঠোফোনের মাধ্যমে, যার দাপ্তরিক নথি সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না৷ এতে করে যোগাযোগের ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে৷ কাজে গতি আসছে না৷
সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর বিমানবন্দরের হিসাব বিভাগ, প্রকৌশল বিভাগ, আবহাওয়া দপ্তরে টাইপরাইটার দিয়েই কাজ চালানো হচ্ছে৷ কোনো দপ্তরেই কম্পিউটার সুবিধা নেই। তবে বিমানবন্দরের ব্যবস্থাপকের কক্ষে একটি কম্পিউটার পাওয়া গেল৷
সৈয়দপুর সরকারি কারিগির মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমির আলী আজাদ প্রথম আলোকে বলেন, ‘বিমানবন্দরের অনলাইন সেবা চালু হয়নি—এটা ভাবতেও অবাক লাগছে৷ সরকার যেখানে ডিজিটাল বাংলাদেশ স্লোগান দিয়ে সর্বত্র অনলাইন সেবা চালুর প্রক্রিয়া অব্যাহত রেখেছে, সেখানেিবমানবন্দরের মতো জরুরি ও গুরুত্বপূর্ণ একটি স্থাপনাকে কম্পিউটার সিস্টেমের আওতায় আনা হয়নি—এটা অবাক করার মতো ব্যাপার৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে এ সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে৷’
বিমানবন্দরের ব্যবস্থাপক শাহীন আহম্মেদ বলেন, ‘দেশে এখন ডিজিটাল বিপ্লব চলছে৷ সে ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি৷ তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি উপলব্ধি করে পাঁচ সেট কম্পিউটার পাঠিয়েছে৷ কিন্তু সমস্যা হলো, এখানকার কর্মীদের কম্পিউটার চালানোর দক্ষতা নেই৷ ফলে আমি নিজেই উদ্যোগী হয়ে তাঁদের এ-সংক্রান্ত প্রশিক্ষণ দিচ্ছি৷ আশা করি, এক মাসের মধ্যে অনলাইন সেবা চালু করতে পারব৷’
সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, সৈয়দপুর-ঢাকা রুটে বেসরকারি বিমান ইউনাইটেড এয়ারওয়েজ চলাচল করে৷ ওই বিমান সংস্থার নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনে টিকিট বিপণনের ব্যবস্থা রয়েছে৷
সংস্থাটির সৈয়দপুর এজেন্সি অফিসের তত্ত্বাবধায়ক তারিকুল আলম জানান, টিকিট বিক্রির সঙ্গে সিভিল এভিয়েশন তথা বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই। তবে কোন ফ্লাইট আসছে বা বিমানের শিডিউল পাওয়ার ক্ষেত্রে অনলাইন সেবা অত্যন্ত জরুরি, যা সৈয়দপুর বিমানবন্দরে নেই। ফলে টেলিফোন বা মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে শিডিউল জানতে হয় বিমানবন্দরকে।