ডিজিটাল জালিয়াতির অভিযোগে আটক দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে দুজন পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার পরীক্ষা চলাকালে তাঁদের আটক করা হয়। এঁদের একজনের মুঠোফোনে ১০০ প্রশ্নের সঠিক উত্তর পাওয়া গেছে। এ ছাড়া সন্দেহজনক মনে হওয়ায় সাতটি ঘড়ি জব্দ করেছে কর্তৃপক্ষ। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টায় ৮৬টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আটককৃতরা হলেন শাহিন মাহমুদ ও আতাহার শিহাব। শাহিনকে আনোয়ারা গার্লস হাইস্কুল এবং আতাহারকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের পরীক্ষাকেন্দ্র থেকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, শাহিন মাহমুদকে আনোয়ারা গার্লস হাইস্কুলে পরীক্ষা দেওয়ার সময় মুঠোফোনসহ আটক করা হয়। তাঁর হাতে মুঠেফোনটি বাঁধা ছিল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের পরীক্ষাকেন্দ্রে আতাহার শিহাবকে তল্লাশি করে একটি মুঠোফোন পান। হুমায়ুন কবির বলেন, পরীক্ষা শুরুর পরপরই শিহাব তাঁর সেট কোডটি একটি নম্বরে খুদেবার্তা (এসএমএস) করে পাঠান। এরপর ওই নম্বর থেকে ১০টা ১৯ মিনিটে বাংলার অধিকাংশ প্রশ্নের উত্তর শিহাবের মুঠোফোনে পাঠানো হয়। মোট পাঁচটি খুদেবার্তায় ১০০ উত্তর পাঠানো হয়। আটক করার পর তাঁকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
ঘড়ি আটকের বিষয়ে আমজাদ আলী বলেন, সাত পরীক্ষার্থীর ঘড়ি সন্দেহজনক মনে হওয়া সেগুলো জব্দ করা হয়েছে। ঘড়িগুলো এসএমএস আদান-প্রদান উপযোগী কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।