ডিজিটাল জালিয়াতির পর চুক্তি অনুযায়ী টাকা না পেয়ে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এক পরীক্ষার্থীকে অর্থের বিনিময়ে মুঠোফোনে উত্তর সরবরাহ করেছিলেন।
পরীক্ষা শেষে ওই পরীক্ষার্থীর কাছ থেকে চুক্তিমতো টাকা না পেয়ে অপহরণ করেন তাঁকে। আটকে রাখেন সলিমুল্লাহ মুসলিম হলের একটি কক্ষে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বিষয়টি জানতে পেরে পরীক্ষার্থীসহ তিনজনকেই আটক করে শাহবাগ থানা পুলিশে কাছে সোপর্দ করে।
গত শনিবার রাতে প্রক্টরিয়াল বডি এ অভিযান চালায়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
জড়িত ব্যক্তিরা হলেন ভর্তি পরীক্ষার্থী আব্বাস আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র শিহাব উদ্দিন ও শাশ্বত কুমার ঘোষ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের চন্দন কুমার সিং। এর মধ্যে শাশ্বত পলাতক।
ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, অপহরণ হওয়া পরীক্ষার্থী হলের বাথরুমে গিয়ে এক ছাত্রের মুঠোফোন থেকে ঘটনাটি তাঁর চাচাতো ভাইকে জানান।
এ সময় আশপাশে থাকা শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে প্রক্টরিয়াল বডিকে বিষয়টি অবগত করেন।
প্রক্টরের কাছে দেওয়া লিখিত বক্তব্যে আব্বাস আলী দাবি করেন, চন্দনের সঙ্গে ছয় হাজার টাকার বিনিময়ে উত্তর সরবরাহ করার চুক্তি হয়েছিল। তাঁর মাধ্যমেই পরিচয় হয় শিহাবের সঙ্গে। পরীক্ষার আগে শিহাবই তাঁকে জালিয়াতির প্রশিক্ষণ দেন। পরীক্ষার দিন মুঠোফোনে ১০০টি প্রশ্নেরই সঠিক উত্তর খুদেবার্তার মাধ্যমে পাঠান।
লিখিত বক্তব্যে শিহাব উদ্দিন বলেছেন, শাশ্বত খালিদ নামের তাঁর এক বড় ভাইয়ের সহযোগিতায় জালিয়াতি করেন।
মতিঝিল মডেল স্কুলে আনিস নামের এক ব্যক্তির সহযোগিতায় আব্বাসকে মুঠোফোন নিয়ে পরীক্ষার হলে যাওয়ার ব্যবস্থা করে দেন। তিনি বলেন, চন্দনের মাধ্যমে আব্বাসের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং ছয় লাখ টাকার বিনিময়ে চুক্তি হয়। কিন্তু পরীক্ষা শেষে আব্বাস ছয় হাজার টাকা দেওয়ার কথা বলেন। এ নিয়ে সমস্যা হওয়ায় তাঁকে আটক করে রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান বলেন, জড়িত চারজনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া পরীক্ষার দিন আটক হওয়া দুই পরীক্ষার্থীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে জানান তিনি।