ডিজিটাল দ্বীপ হিসেবে মহেশখালীর উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল দ্বীপ মহেশখালী প্রকল্পের উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত দ্বীপ মহেশখালী ডিজিটাল দ্বীপ হিসেবে যাত্রা শুরু করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই যে একটা বিচ্ছিন্ন দ্বীপ মহেশখালী, যা চিরদিন অবহেলিত ছিল, আজ এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে এবং বিশ্বব্যাপী এই মহেশখালীর একটি সংযোগ স্থাপিত হয়ে গেল।’ তিনি বলেন, ‘এই যে সুযোগটা আজ সৃষ্টি হয়ে যাচ্ছে, এটা শুধু মহেশখালী নয়, আরও যেসব বিচ্ছিন্ন এলাকা আছে, সেখানেও আমরা এই ডিজিটাল পদ্ধতিটা চালু করে দেব। সেটাও আমাদের পরিকল্পনায় রয়েছে। আর মহাশূন্যে আমরা যে স্যাটেলাইট উৎক্ষেপণ করব (বঙ্গবন্ধু স্যাটেলাইট) সেটা উৎক্ষেপণ হয়ে গেলে আরও সুবিধা হবে।’
অনুষ্ঠানের সঙ্গে সরাসরি দক্ষিণ কোরিয়ার সিউল থেকে কোরিয়া টেলিকম (কেটি) কোম্পানির শীর্ষ কর্মকর্তারা, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার আহমেদ এবং দেশের মহেশখালী প্রান্তে আইসিটি প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় জনগণ সম্পৃক্ত ছিল।
অনুষ্ঠানে সিউল প্রান্ত থেকে কেটির চেয়ারম্যান কিউ শিক শিন, মহেশখালী প্রান্ত থেকে আইওএমের চিফ অব মিশন শরৎ চন্দ্র দাস এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বক্তৃতা করেন।
গণভবনে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সিওন দো, সংসদ সদস্যরা এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন।
প্রায় ৩৬২ দশমিক ১৮ বর্গকিলোমিটার আয়তনের মহেশখালী দ্বীপের চার লাখ বাসিন্দার জন্য প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার। প্রায় ২২ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ ২০১৮ সালের ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
কোরিয়ান টেলিকম (কেটি) প্রতিষ্ঠানের কারিগরি সহযোগিতায় প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে মহেশখালীর মোট জনসংখ্যার ৩০ শতাংশ উচ্চগতির ইন্টারনেট এবং প্রযুক্তি সেবা পাবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রবেশাধিকার বাড়বে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের মানুষ আর নিজেদের কখনো অবহেলিত ভাববে না। তা ছাড়া মহেশখালীতে আমরা আরও অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। কাজেই এ অঞ্চলের সার্বিকভাবে উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।’ তিনি বলেন, শিক্ষার সুযোগ থেকে এই দুর্গম এলাকার লোকেরা যেন বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ রাখা এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যায় অতর্কিতে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাতেও তারা যেন সতর্ক থাকতে পারে, সে জন্যও এই ডিজিটালাইজেশন।