ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেল কলেজছাত্রী দীপ্তি
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দিনাজপুরের পার্বতীপুরের কলেজছাত্রী দীপ্তি রানী দাস জামিন পেয়েছে। তার আপিল মঞ্জুর করে সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।
ওই মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হয় দীপ্তি। এ আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে গত বছর হাইকোর্টে আপিল করে দীপ্তি। এর ওপর চূড়ান্ত শুনানি নিয়ে আজ সিদ্ধান্ত দেন হাইকোর্ট।
হাইকোর্ট বলেন, ‘দেখা যাচ্ছে, আপিলকারী মাইনর গার্ল (অপ্রাপ্তবয়স্ক মেয়ে)। এ দিক বিবেচনায় আপিল মঞ্জুর করা হলো।’
দীপ্তিকে আইনি সহায়তা দিচ্ছে আইন ও সালিশ কেন্দ্র। আদালতে দীপ্তির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জেড আই খান, মো. আসাদুজ্জামান, আনিসুল হাসান ও মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
পরে আইনজীবী আনিসুল হাসান প্রথম আলোকে বলেন, নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে হাইকোর্টে আপিল করে দীপ্তি। গত বছরের ১১ মে হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে তাকে ৬ মাসের জামিন দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দিয়ে ওই আপিল নিষ্পত্তির নির্দেশ দেন। শুনানি শেষে হাইকোর্ট আজ দীপ্তির জামিন মঞ্জুর করে রায় দেন।
অপ্রাপ্তবয়স্ক বিবেচনা করে দীপ্তিকে জামিন দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী আনিসুল হাসান। তিনি বলেন, ‘জামিন মঞ্জুর হওয়ায় দীপ্তির মুক্তিতে আইনগত বাধা নেই।’
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০২০ সালের ২৮ অক্টোবর দীপ্তির বিরুদ্ধে দিনাজপুরের পার্বতীপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। সেদিন ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে দীপ্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে দীপ্তি রাজশাহীর একটি সংশোধন কেন্দ্রে আছে।
অন্যদিকে পুলিশ মামলার তদন্ত শেষে দীপ্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত ১০ জানুয়ারি মামলাটি রংপুর সাইবার ট্রাইব্যুনালে বদলি হয়।