ডিজিটাল পদ্ধতিতে উপস্থিতি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরে গতকাল বুধবার থেকে কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল পদ্ধতিতে উপস্থিতি নিশ্চিতকরণ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৩১টি দপ্তরে একযোগে এ পদ্ধতি শুরু হয়েছে। কর্মীদের উপস্থিতি আরও স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। চার-পাঁচ দিন আগে উপজেলা পরিষদের সব কার্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে উপস্থিতি নিশ্চিত করতে যন্ত্র বসানো হয়। যন্ত্রটি কীভাবে কাজ করে এ কয়দিন তাঁরা দেখেছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউএনও ইকবাল আখতার বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল রায়গঞ্জ উপজেলা প্রশাসন। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।