ডিজিটাল পদ্ধতিতে পশুর হাটের হাসিল আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) কোরবানির পশুর হাট থেকে ডিজিটাল পদ্ধতিতে হাসিল আদায় করার সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার কেসিসির কাউন্সিলরদের উপস্থিতিতে সিটি করপোরেশনের এক বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।গত বুধবার থেকে খুলনা নগরের জোড়াগেটে পাইকারি কাঁচাবাজার মাঠে কেসিসির নিজস্ব তত্ত্বাবধানে কোরবানির পশুর হাট বসেছে। খুলনা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ঈদের পশুর হাট ইজারার বিষয়ে দরপত্র আহ্বান করা হলেও করপোরেশনের ধার্য করা ইজারা মূল্যের সমপরিমাণের দর উল্লেখ করে কেউ দরপত্র জমা দেননি। এ কারণে কেসিসি নিজস্ব তত্ত্বাবধানে কোরবানির এই পশুর হাট বসিয়েছে।সভা সূত্রে জানা গেছে, কেসিসির নিজস্ব তত্ত্বাবধানে পশুর হাট পরিচালনা ও টোল আদায়ে ২০০৫-০৬ সালে তৎকালীন সময়ে দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। আগের সেই তিক্ত অভিজ্ঞতা এবং পুনরায় কেসিসির তত্ত্বাবধানে হাট পরিচালনার সার্বিক বিষয় নিয়ে এবারও জনমনে সংশয় সৃষ্টি হয়েছিল। এ অবস্থায় কোরবানির পশুর হাট পরিচালনার ক্ষেত্রে সততা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য খুলনা সিটি করপোরেশনের নিজস্ব তত্ত্বাবধানে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পশুর হাট থেকে হাসিল আদায় করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদ্ধতিতে যে টাকায় গরু বা ছাগল বিক্রি হয়েছে, সেই টাকা এবং তার ওপর যে অঙ্কের হাসিল আদায় করা হবে, তা কম্পিউটারে সংরক্ষণ করা হবে। পরে এ তথ্য প্রিন্ট দিয়ে রসিদ আকারে ক্রেতাকে দেওয়া হবে। এভাবে গরু বা ছাগল বিক্রি ও হাসিলের হিসাব কম্পিউটারে সংরক্ষণ করা থাকবে। ডিজিটাল পদ্ধতিতে কোরবানির পশুর হাট থেকে টোল আদায়ের বিষয়ে সিটির মেয়র তালুকদার আবদুল খালেক জানান, কোরবানির পশুর হাট থেকে হাসিল আদায়ে দুর্নীতি প্রতিরোধে হাট প্রাঙ্গণে ১২টি কম্পিউটার রাখা হয়েছে। এ পদ্ধতিতে যেকোনো দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।