ডিজিটাল-পদ্ধতিতে লোক নিয়োগ করবে বিডিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) লোক নিয়োগের ক্ষেত্রে ১২টি জেলাকে ডিজিটাল-প্রক্রিয়ার আওতাভুক্ত করেছে। জেলাগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ভোলা। বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।এসব জেলায় আগামী অক্টোবরের মধ্যে ৭৯তম ব্যাচে লোক নির্বাচন করা হবে। এসব জেলার প্রার্থীদের আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে সুনির্দিষ্ট পদ্ধতিতে মুঠোফোনে এসএমএস পাঠাতে হবে। এ প্রক্রিয়া অনুযায়ী, কোনো প্রার্থী নির্ধারিত তারিখের মধ্যে মুঠোফোনে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে, একটি আইডি নম্বরের মাধ্যমে তাঁকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রাথমিক বাছাই-প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দিষ্ট তারিখ ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে। প্রার্থী নির্দিষ্ট দিনে প্রাথমিক বাছাই-প্রক্রিয়ায় বিভিন্ন স্তরে যেমন ডকুমেন্টেশন, প্রাথমিক মেডিকেল ও লিখিত পরীক্ষায় অংশ নেবেন। প্রার্থী কোনো স্তরে অকৃতকার্য হলে রিক্রুটিং অফিসারের মাধ্যমে তাঁকে তা জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তী স্তরগুলোতে তিনি অংশ নিতে পারবেন না।এ প্রক্রিয়ায় যেসব প্রার্থী বিভিন্ন স্তরে অকৃতকার্য হবেন, পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমেই তাঁদের অকৃতকার্যতার কারণ জানিয়ে দেওয়া হবে এবং যাঁরা কৃতকার্য হবেন, তাঁদের চূড়ান্ত মেডিকেল ও নির্বাচন-প্রক্রিয়ায় অংশ নেওয়ার তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং ভর্তির অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে।চূড়ান্ত নির্বাচন-প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি থেকে এইচবিএস এজি ও অ্যান্টি এইচসিভি রক্ত পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হলেই প্রার্থী প্রশিক্ষণে যোগদানের জন্য বিবেচিত হবেন। তা ছাড়া ভর্তির জন্য নির্বাচন-পরবর্তী পুলিশি প্রতিবেদনে প্রার্থীর ভুল তথ্য প্রদান (যেমন ভুল ঠিকানা, বিবাহিত, মামলা, ভুয়া সনদ ইত্যাদি) প্রমাণিত হলে প্রার্থীকে যেকোনো সময় চাকরি থেকে বরখাস্তসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো ব্যক্তিই প্রার্থীর আইডি নম্বর ব্যবহার করে মুঠোফোনের মাধ্যমে ভর্তি-প্রক্রিয়ায় প্রার্থীর ব্যর্থতার কারণ বা ফলাফল জানতে পারবেন। বাসস।