ডিজিটাল পরিচিতির সম্ভাবনায় শুরু বার্সেলোনা কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে নিরবচ্ছিন্ন ডিজিটাল পরিচিতি পেতে উপযুক্ত প্রযুক্তির সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস। বিশ্বখ্যাত সব প্রযুক্তি ও মুঠোফোন অপারেটর তাদের সম্ভারে সাজিয়েছে এবারের গ্লোবাল সিস্টেম ফর মোবাইল অ্যাসোসিয়েশন (জিএসএমএ) ২০১৪-এর আঙিনায়।
বার্সেলোনার ফিরা গ্রান ভিয়াতে আয়োজিত এবারের কংগ্রেসের উদ্বোধনী আলোচনা পরিচালনা করেন জিএসএমএর মহাপরিচালক অ্যানি বোভারেট।
‘মোবাইল ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক এই সেমিনারে বক্তারা জোর দেন মুঠোফোনে গ্রাহকদের সর্বোচ্চ গুণগতমানসম্পন্ন সেবা দেওয়ার প্রসঙ্গে। এতে অংশ নেন জিএসএমএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট জন ফ্রেডরিক বাকসাস, সিংটেলের গ্রুপ সিইও চুয়া সক কং, আরব আমিরাতের মুঠোফোন অপারেটর ইতি সালাতের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবদুল করিম জুলফার এবং আমেরিকা টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল হাজ।
জন ফ্রেডরিক বাকসাস বলেন, শুধু ভয়েস কলে নয়, ডাটা সেবার ওপরও গুরুত্বারোপ করতে হবে। সে জন্য প্রয়োজন মুঠোফোন অপারেটর ও ইন্টারনেট সেবাদাতাদের মধ্যেকার পারস্পরিক সমঝোতা।
উদ্বোধনী দিনে পর্যায়ক্রমে আরও অনুষ্ঠিত হয়েছে ‘মোবাইল মানি ফর দি আনব্যাংকড’, ‘জিএসএমএ ম্যানেজড সার্ভিসেস’, ‘স্পেকট্রাম’, ‘জিএসএমএ মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি’ এবং ‘নেটওয়ার্ক এপিআইএস’ শীর্ষক পাঁচটি সেমিনার।
চার দিনব্যাপী এই কংগ্রেসে যোগ দিয়েছেন বিশ্বখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ, আইবিএমের প্রধান ভার্জিনিয়া রমেটি, ফোর্ড মোটর কোম্পানির প্রেসিডেন্ট (ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা জোন) স্টিফেন টি ওডেল, আজিয়াটা গ্রুপের প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও জামালউদ্দিন ইব্রাহিম, মুঠোফোনের পরিচিতি নিয়ে কাজের জন্য বিখ্যাত প্রতিষ্ঠান গিয়েসেক্কে অ্যান্ড ডেভ্রিয়েন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালটার স্কেলিবুশ প্রমুখ। বিভিন্ন সেমিনারে তাঁদের বক্তব্য শুনতেও এই মেলায় এসেছেন নানা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৮০ হাজার অতিথি।
৭০ হাজার ৫০০ বর্গফুট এলাকাজুড়ে আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ ২০০টি দেশের কয়েক হাজার প্রযুক্তিবিশেষজ্ঞ, মুঠোফোন ও মুঠোফোনসংশ্লিষ্ট সেবাদাতা, মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান তাদের প্রযুক্তি ও জ্ঞানের পসরা সাজিয়েছে। এ ছাড়া আজ মঙ্গলবার বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে সেরা মুঠোফোন সেবাদাতা, সেরা মুঠোফোন নির্মাতা, সেরা অ্যাপসসহ আটটি শ্রেণীতে তাদের কাজের মূল্যায়ন শেষে পুরস্কার দেওয়া হবে।
আজ বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি ও আয়োজকদের আমন্ত্রিত বিশেষ অতিথিদের জন্য রয়েছে ‘জিএসএমএ এক্সিকিউটিভ সেমিনার’ এবং শুধু মুঠোফোন অপারেটরদের নিয়ে আয়োজিত সেমিনার ‘নেটওয়ার্ক ২০২০’। এই দুই সেমিনারের মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত হবে ‘পারসোনাল ডাটা’ শীর্ষক সেমিনার। এটি সবার জন্য উন্মুক্ত।