ডিজিটাল প্রযুক্তি ভোগান্তি কমিয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘১২ থেকে ২০ হাজার টাকার মধ্যে দেশে তৈরি ল্যাপটপ কম্পিউটার পাওয়া যাবে। এতে শিক্ষার্থীরা স্বল্পখরচে ল্যাপটপ ব্যবহার করতে পারবে। দেশের সাড়ে আট হাজার ডাকঘরে ই-সেন্টার চালু হবে। আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারি, সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি মানুষের ভোগান্তি অনেক লাঘব করেছে।’ গতকাল বুধবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১১-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী সরকারকে জনগণের শাসক নয়, সেবক হিসেবে উল্লেখ করে বলেন, ‘সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ডিজিটাল মাধ্যমের বিকল্প নেই। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সেবার জন্য কাজ করে।’ দেশে ইন্টারনেট এখনো যথেষ্ট ধীরগতির, দ্রুতগতির ইন্টারনেটের ব্যবস্থা করতে হবে বলে তিনি জানান। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সাতটি বিভাগের ৫৬টি জেলায় ও ৫৭টি উপজেলাকে ব্রডব্যান্ড ইন্টারনেট দেওয়ার জন্য অবকাঠামো নির্মাণ চলতি অর্থবছর শেষ হবে। এক হাজার ইউনিয়নকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আনার কাজ শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, শিক্ষা খাতে উল্লেখযোগ্য কাজ হচ্ছে ই-বুক প্রণয়ন ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ স্থাপন। ইতিমধ্যে সারা দেশে ২০ হাজার ৫০০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় একটি করে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রী ল্যাপটপ কম্পিউটারে ডিজিটাল ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বিভিন্ন ক্ষেত্রে আইসিটির ব্যবহার তুলে ধরেন। মন্ত্রিপরিষদসচিব এম আবদুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান এবং ঢাকা বিভাগের কমিশনার মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।গত বছর মার্চ মাসে ঢাকায় প্রথম মেলার পর এটি দ্বিতীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা। বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়, এটুআই প্রকল্প এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এ মেলার আয়োজন করেছে। মেলায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৮০টি প্রতিষ্ঠান এবং ছয়টি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের তথ্যপ্রযুক্তি সেবা প্রদর্শন করছে। আজ মেলার দ্বিতীয় দিনে ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার ২০১১ দেওয়া হবে। মেলায় তিনটি বিষয়ভিত্তিক সেমিনারও রয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পরই খুলে দেওয়া হয় মেলা প্রাঙ্গণ। আগ্রহী ব্যক্তিরা এরপর ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন স্টলে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের স্টলে টেলিফোন শিল্প সংস্থার তৈরি ল্যাপটপ কম্পিউটারের নমুনা দেখানো হচ্ছে। জানা গেছে, দেশে তৈরি চারটি মডেলের ল্যাপটপ শিগগিরই বাজারে আসবে। এসবের দাম হবে ১২ থেকে ২০ হাজার টাকার মধ্যে। প্রতি মাসে টেশিস ১০ হাজার ল্যাপটপ উৎপাদন করতে পারবে বলে জানা গেছে। ডিজিটাল মেলায় সরকারের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইনশৃঙ্খলা, রাজস্ব, পর্যটন, ভূমি ব্যবস্থাপনা, বাণিজ্য ইত্যাদি খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যেমন দেখানো হচ্ছে, তেমনি অদূর ভবিষ্যতে যেসব সেবা পাওয়া যাবে সেসব সম্পর্কেও ধারণা পাওয়া যাচ্ছে। ডিজিটাল মেলায় প্রথম আলোর স্টলে প্রথম আলো অনলাইন সংস্করণ, প্রথম আলো জবস, ব্লগসাইট, বন্ধুসভার ওয়েবসাইটসহ নানা কার্যক্রম দেখানো হচ্ছে। ডিজিটাল মেলা আগামীকাল শুক্রবার শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকছে। মেলায় প্রবেশ করা যাবে বিনা মূল্যেই। মেলা আয়োজনে সহযোগিতা করছে ডিনেট, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব), প্রথম আলো, দি ডেইলি স্টার ও এটিএন নিউজ।