প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জেলা তথ্য বাতায়ন উদ্বোধনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে তাঁর সরকারের একটি অঙ্গীকার পূরণ হলো। এই তথ্য বাতায়ন (ওয়েব পোর্টাল) থেকে দেশের প্রতিটি প্রান্তের মানুষ যেকোনো জেলা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবে।গতকাল বুধবার দুপুরে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে নিজ কম্পিউটারের বোতাম টিপে আনুষ্ঠানিকভাবে দেশের ৬৪ জেলার তথ্য বাতায়ন উদ্বোধন করেন। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি পঞ্চগড় ও রাঙামাটি জেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। জনসাধারণের জন্য দেশের প্রতিটি জেলার ইতিহাস, সংস্কৃতি ও আর্থ-সামাজিক বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তি সুগম করতে এই তথ্য বাতায়ন চালু করা হয়। খবর বাসসের।মন্ত্রিপরিষদ বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন এক্সেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির অধীনে এই ওয়েব পোর্টালের নকশা ও বাস্তবায়ন ঘটানো হয়। শেখ হাসিনা বলেন, তাঁর কাঙ্ক্ষিত ডিজিটাল বাংলাদেশ হবে ধনী-গরিব, যুবক-বৃদ্ধনির্বিশেষে সবার জন্য। এতে প্রযুক্তিগত কোনো পার্থক্য থাকবে না।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার প্রশাসনের সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দেশকে দুর্নীতি থেকে মুক্ত করতে সব মন্ত্রণালয় ও অফিস-আদালতকে ই-গভর্ন্যান্সের আওতায় আনতে পদক্ষেপ নিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর সরকার সম্প্রতি অনলাইন ব্যাংকিং নীতিমালা প্রণয়ন করেছে এবং মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন চালু করেছে। এই প্রক্রিয়ার অধীনে বেশ কিছু ব্যাংক ইতিমধ্যে অনলাইন ব্যাংকিং চালু করেছে। এতে গ্রামাঞ্চলের কৃষকেরা তাত্ক্ষণিকভাবে শহরের বাজারে প্রবেশ করতে পারবেন।তথ্য বাতায়ন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পঞ্চগড়ের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলেন। প্রায় ৩০ মিনিটের এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা জেলার বিভিন্নজনের প্রশ্নের উত্তর দেন। এ সময় প্রথম শ্রেণীর শিক্ষার্থী মীম বছরের শুরুতে নতুন বই পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। প্রধানমন্ত্রী তাকে মন দিয়ে পড়াশোনা করতে বলেন। নবম শ্রেণী পর্যন্ত বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করে গরিব শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় দশম শ্রেণীর শিক্ষার্থী হিরন্ময় বর্মণ।রাঙামাটি থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, প্রধানমন্ত্রী গতকাল রাঙামাটিবাসীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বলেন, পার্বত্য এলাকায় উচ্চশিক্ষা বিস্তারে রাঙামাটিতে একটি অত্যাধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও নকশা এমনভাবে করা হচ্ছে, তা দেশ-বিদেশের দৃষ্টি আকর্ষণ করবে।সরকারের এক বছরপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে রাঙামাটির শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। দুপুর সোয়া ১২টা থেকে আধঘণ্টা স্থায়ী ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী পার্বত্য এলাকার সব সম্প্রদায়কে শান্তি ও সম্প্রীতি নিয়ে বসবাসের আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। ভিডিও কনফারেন্সের সঞ্চালক ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী। এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চাকমা রাজা দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ এম এন সিদ্দিকী, ইউএনডিপির কর্মকর্তা কুমার নন্দিত রায়।