ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তথ্যসমৃদ্ধ জাতি, জ্ঞানভিত্তিক দেশ ও ‘তথ্য-সাক্ষরতা’ অভিযানকে পূর্বশর্ত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা উচ্চবিদ্যালয় ও বাতিসা বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তথ্য-সাক্ষরতা শীর্ষক এক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউনিক), ঢাকা এবং সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজের (সিস) যৌথ উদ্যোগে গত শনি ও গতকাল রোববার এই কোর্সের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক, সিসের গবেষণা পরিচালক মু মেজবাহ-উল ইসলাম এবং দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ও সিসের পরিচালক মিনহাজ উদ্দিন আহাম্মদ কোর্সটি পরিচালনা করেন। ইউনিক, ঢাকার অধিকর্তা কাজী আলী রেজা এবং ঊর্ধ্বতন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এ কে এম নুরুল আলম কোর্সের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।তথ্য-সাক্ষরতা বিষয় ছাড়াও কাজী আলী রেজা জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং এর অঙ্গ-প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য ও কার্যাবলি ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধায়ক রায় চৌধুরী ও শিক্ষক ছালেহ আহাম্মদ ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার চৌদ্দগ্রাম পরিষদের আহ্বায়ক আবু তাহের। কোর্সটি সম্পন্ন করতে পরিষদ সহযোগিতা করে।প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া ৩০ জন ছাত্রছাত্রীকে সনদ দেওয়া হয়। ছাত্রছাত্রীরা তাদের প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে ভবিষ্যতে এ কার্যক্রম চলমান রাখার জন্য অনুরোধ করে। সনদ তুলে দেন বাতিসা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস।