ডিজিটাল বাংলাদেশ গড়তে তোমরাই নেতৃত্ব দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে শিগগির ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাকার্যক্রম চালু হতে যাচ্ছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের সুলভ মূল্যে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তখন বাড়িতে বসেই তারা দেশের যেকোনো নামীদামি স্কুলের মানসম্পন্ন লেখাপড়া আয়ত্ত করে পরীক্ষায় ভালো ফল করতে পারবে। ঢাকার বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানের অঙ্ক ও ইরেজি ক্লাসগুলো একই সময়ে প্রত্যন্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণীকক্ষে দেখানো সম্ভব হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জ শহরের স্বর্ণকলি উচ্চবিদ্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে এসব কথা বলেন। তিনি বলেন, আমার একটি শিক্ষিত জাতি দরকার। আধুনিক শিক্ষিত জাতি ও ডিজিটাল বাংলাদেশ গড়তে তোমরাই নেতৃত্ব দেবে।প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যাতে আমাদের শিক্ষার্থীরা বেড়ে উঠতে পারে, সে জন্য সরকার দ্রুত ল্যাপটপ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসবে। মুঠোফোন ও ল্যাপটপের ব্যাপক ব্যবহারের ফলে বিদ্যুৎব্যবস্থার ওপর চাপ পড়বে। তার পরও আমরা এই প্রযুক্তি সহজলভ্য করে শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর উদ্যোগ নিয়েছি। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতে সাফল্য অর্জনকারী এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি চট্টগ্রামের নাসিরাবাদ উচ্চবিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন।জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন ভিডিও কনফারেন্সের সঞ্চালনা করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চীেধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, স্বর্ণকলি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্তি মণ্ডল, এসএসসি পরীক্ষায় স্বর্ণকলি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত দুই শিক্ষার্থী দীপ্তি পাল ও এমরান হোসেন।