ডিজিটাল বাংলাদেশ গড়তে ব্যান্ডউইডথের দাম কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনস্বার্থে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যান্ডউইডথের দাম কমানোর দাবি জানিয়েছে টেলিযোগাযোগ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে আসন্ন বাজেটের আগেই ইন্টারনেট ব্যবহারের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট বাতিলের দাবিও জানান তাঁরা। রাজধানীর একটি হোটেলে গতকাল শুক্রবার ওয়াইম্যাক্সের লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান বাংলালায়ন আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব দাবি জানান। দাবি প্রসঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘ব্যান্ডউইডথের দাম কমানো নিয়ে অর্থ মন্ত্রণালয়কে বিভিন্ন সময়ে তাগাদা দেওয়া হচ্ছে। আশা করছি, তারা এ বিষয়ে নজর দেবে।’‘ওয়াইম্যাক্স ফর ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন বাংলালায়নের চেয়ারম্যান আবদুল মান্নান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবীর।স্বাগত বক্তব্যে বাংলালায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ শামস বলেন, সাবমেরিন কেব্ল কোম্পানি থেকে এক মেগাবাইট ব্যান্ডউইডথ কিনতে ১৮ হাজার টাকা খরচ করতে হয়। এর সঙ্গে রয়েছে আরও ১৫ শতাংশ ভ্যাট। গ্রাহকসংখ্যা বাড়াতে হলে এই ব্যান্ডউইডথের দাম কমাতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আগে জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হবে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুল মান্নান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘সরকারের এক মেগাবাইট ব্যান্ডউইডথ কিনতে মাত্র ছয় হাজার টাকা খরচ হয়। সরকার সেই ব্যান্ডউইডথ ৫০ শতাংশ লাভসহ নয় হাজার টাকায় আমাদের কাছে বিক্রি করলেও আমরা গ্রাহককে আরও কম দামে ইন্টারনেটসেবা পৌঁছে দিতে পারব।’