ডিজিটাল বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি জিল্লুর রহমান ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারি প্রচেষ্টার সঙ্গে সহায়ক ভূমিকা পালনের জন্য দেশের বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।রাষ্ট্রপতি বলেন, ‘আমি আশা করছি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্র শনাক্ত করতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলো সরকারের সঙ্গে সহায়ক ভূমিকা পালন করবে।’ তিনি বলেন, উন্নত বিশ্বে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে গবেষণা করা হয় এবং গবেষণার ফলাফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হয়। একইভাবে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো তথ্যপ্রযুক্তিভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে সরকারকে সহায়তা করতে পারে।জিল্লুর রহমান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছে। তিনি আরও বলেন, দেশে বর্তমানে প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে অনেকগুলোই সফলভাবে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় একটি অলাভজনক ও সামাজিক প্রতিষ্ঠান। ব্যবস্থাপ্রতিষ্ঠানের মতো মুনাফা অর্জন কখনোই একটি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হতে পারে না।রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষার মান ও পরিবেশ উন্নত করতে ইতিমধ্যে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, ‘আমি আশা করছি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার মান নিশ্চিত এবং নতুন আইন অনুযায়ী গবেষণা কার্যক্রম সম্প্রসারণে উদ্যোগী হবে।’রাষ্ট্রপতি বিশ্বচ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্রদের জন্য সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে মৌলিক পরিবর্তন আনতে শিক্ষাবিদদের প্রতি আহ্বান জানান। সমাবর্তনে বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর এক হাজার ৮৩৭ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। তা ছাড়া কৃতিত্বপূর্ণ ফলের জন্য তিন শিক্ষার্থী রাষ্ট্রপতির কাছ থেকে খান বাহাদুর আহ্ছানউল্লাহ পুরস্কার গ্রহণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তৃতা করেন অধ্যাপক জামাল নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম এম সাফিউল্লাহ ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী রফিকুল আলম। বাসস