ডিজিটাল বাংলাদেশ, তাই ভোট কেন্দ্রে মোবাইল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি কেন্দ্রে নিয়ম ভেঙে মোবাইল ফোন নিয়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র ও কাউন্সিল পদপ্রার্থীদের পোলিং এজেন্টদের। আজ মঙ্গলবার ভোটগ্রহণ চলাকালে ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের ১০টি কেন্দ্রে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
আজ ওই তিনটি ওয়ার্ডের ১০টি ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, পোলিং এজেন্টরা মোবাইল ফোন নিয়ে দায়িত্ব পালন করছেন। নিয়মানুযায়ী পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে মোবাইল বা যোগাযোগের অন্য কোনো ডিভাইস বহন করতে পারবেন না।
২৬ নম্বর ওয়ার্ডের তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রে সকাল ১০টার দিকে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের কাউন্সিলর পদপ্রার্থী শামীম হাসানের এজেন্ট মোবাইল ফোন ব্যবহার করছেন। নিময় ভেঙে কেন সঙ্গে মোবাইল রেখেছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘মোবাইল তো আনতে কেউ বাধা দেয় নাই। তাই নিয়ে আসছি।’
এ ব্যাপার ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাইনুল আহসান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে মোবাইল তো আনতেই পারে। মোবাইল ব্যবহার করতে পারব না—এ ব্যাপারে আমাদের কাছে এমন কোনো নির্দেশনা নেই।’
ওই ওয়ার্ডের বটমলি হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে পোলিং এজেন্টদের মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেছে। এ ব্যাপারে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কাছে জানতে চাইলে বলেন, ‘পোলিং এজেন্টদের মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। পোলিং এজেন্টেরা যাতে মোবাইল ফোন না নিয়ে আসেন, এ জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে বলেছি। কেউ যাতে মোবাইল ব্যবহার না করে, সেটাও আমি দেখছি।’
২৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজাবাজারের নাজনীন হাইস্কুল কেন্দ্রের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোলিং এজেন্টদের হাতে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেছে। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, ‘আমার জানামতে কেউ মোবাইল নিয়ে আসেননি। তারপরও আমি বিষয়টি দেখছি।’
এরপর নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, রোটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা টিউটোরিয়াল ও তেজগাঁও মহিলা কলেজ ভোটকেন্দ্রে গিয়েও একই চিত্র পাওয়া যায়। ওই ১০টি ভোট কেন্দ্রের কোথাও বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের কোনো এজেন্টকে দেখা যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা টিউটোরিয়ালের প্রিসাইডিং কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘আমার কেন্দ্রে তাবিথ আউয়ালের বাস প্রতীকের কোনো এজেন্ট আসেননি।’
অন্যান্য ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা বাসের এজেন্ট না থাকার ব্যাপারে একই ধরনের মন্তব্য করেন।