ডিজিটাল বিজনেস প্লাসের চেয়ারম্যান এহসান আটক
রাজশাহীতে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে ডিজিটাল বিজনেস প্লাস নামক সংস্থার চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এহসানকে নগর ভবনের পাশ থেকে গতকাল শনিবার দুপুরে আটক করেছে বোয়ালিয়া থানার পুলিশ। এহসানের নামে প্রায় ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সংস্থাটি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কালো তালিকাভুক্ত। গত জানুয়ারিতে সংস্থাটির গুটিয়ে নেওয়ার খবর পেয়ে আমানতকারীরা এর প্রধান কার্যালয়ে ভিড় করে।এ সময় সংস্থার পক্ষ ছয় মাসের মধ্যে মূলধন ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু মূলধন ফেরত না দিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান গত বৃহস্পতিবার নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে দাবি করেন, তাঁর ছেলে ও সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহসানুল আজিম ওরফে রাজিবকে অপহরণ করা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে মামলা নেয়নি।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, রাজিব হারিয়ে গেছেন বলে তাঁর বাবা এহসান এর আগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এরপর কবে তাঁর ছেলে ফিরে আসেন তা তিনি পুলিশকে জানাননি। অপহরণের দাবিটি বিশ্বাসযোগ্য মনে হয়নি, এ জন্য মামলা নেওয়া হয়নি। প্রতিষ্ঠানটি এক লাখ টাকা আমানতের বিপরীতে প্রতি মাসে পাঁচ হাজার টাকা মুনাফা দিচ্ছিল। তারা তাদের এই প্রকল্পের নাম দিয়েছিল ‘শিক্ষা প্রকল্প’। এই অবৈধ ব্যাংকিং কার্যক্রম আড়াল করার জন্য সংস্থাটি কর্মসংস্থানের নামে ডিজিটাল হাসপাতাল, ডিজিটাল মডেল স্কুল, সমবায় ভিত্তিক সুদবিহীন আত্মকর্মসংস্থান প্রকল্প, আবাসন প্রকল্প ও ডিপার্টমেন্টাল স্টোর চালু করেছিল। এখানে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের কাছ থেকেও আমানত সংগ্রহ করা হয়েছিল।