ডিজিটাল বৈষম্য দূর করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে জাতীয় উন্নয়নে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানোর বিষয়ে কমনওয়েলথভুক্ত দেশগুলো মনোযোগী। কিন্তু দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানোর বিষয়টি অনেকটাই দৃষ্টির আড়ালে রয়ে গেছে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এ বৈষম্য দূর করাটা দেশগুলোর নৈতিক দায়িত্ব।

আজ সোমবার রাজধানীর র‌্যাডিসন হোটেলে কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার (সিটিও) তিন দিনব্যাপী ৫৪তম কাউন্সিল সভা ও বার্ষিক ফোরামে বক্তারা এসব কথা বলেন।
সিটিও বার্ষিক ফোরাম কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, অপারেটর এবং তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত সবার জন্য একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এবারের সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৫১টি দেশের মধ্যে ২১টি এবং বিশ্বের অন্যান্য দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সকালে প্রধান অতিথি হিসেবে তিন দিনের এই ফোরামের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ বাস্তবায়ন করতে তথ্যপ্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রযুক্তি ক্ষেত্রে সুযোগ সমবণ্টনের আহ্বান জানিয়ে তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, ‘নাম কমনওয়েলথ হলেও সবগুলো রাষ্ট্রের মধ্যে সম্পদ সমপরিমাণে ভাগ হয় না। তবে আমরা আশা করি অন্তত প্রযুক্তি ক্ষেত্রে সিটিও সব সুযোগ সুবিধা সমপরিমাণে সদস্য রাষ্ট্রগুলোর কাছে বিতরণ করবে।’ মোবাইল আর্থিক সেবা প্রদানে বিশ্বে বাংলাদেশকে রোল মডেল হিসেবে উল্লেখ মন্ত্রী বলেন, গত এক বছরে এ খাতে ১৮৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি খাতের মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্ব দেন।
সম্মেলন থেকে টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন নতুন ধারণা উঠে আসবে উল্লেখ করে অনুষ্ঠানে সিটিও ফোরামের সাধারণ সম্পাদক টিম উনাইন বলেন, এ আলোচনা দেশগুলোর মধ্যে আন্তসম্পর্ক বাড়ানোর পাশাপাশি টেলিযোগাযোগ খাতকে এগিয়ে নেবে।
বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, দেশে বর্তমানে টেলিঘনত্ব ৭৮ শতাংশ। মাত্র ৫ শতাংশ ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীসহ এখন দেশের ৩ কোটি ৮০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। তবে ২০২১ সালে দেশের ৬০ ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করবে যার ৩০ ভাগ হবে ব্রডব্যান্ড ইন্টারনেট ।
সম্মেলনের উদ্বোধনের পর পাঁচটি কর্ম অধিবেশনে উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন, সংযোগ, আইন ও নীতিমালা, অবকাঠামোয় বিনিয়োগ বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। নিজেদের দেশের অভিজ্ঞতা তুলে ধরে এসব বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, গত ২০-২৫ বছরে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাত যে গতিতে এগিয়েছে বিভিন্ন দেশের সরকারগুলো এ গতির সঙ্গে তাল মেলাতে পারেনি। আগে থেকে ধারণা করতে না পারার কারণে আইন ও নীতিগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে দেশগুলো পিছিয়ে পড়েছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে নিয়মিতভাবে নীতি ও আইনকে সময়োপযোগী করার ওপর গুরুত্ব দেন তাঁরা। মানুষের চাহিদার কথা মাথায় রেখে নীতিমালা প্রণয়ন করার পরামর্শ দেন তাঁরা।
একটি কর্ম অধিবেশনে অংশ নেওয়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মানুষের চাহিদার কথা মাথায় রেখে কনটেন্ট তৈরির ওপর গুরুত্ব দেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারী ও তরুণদের ক্ষমতায়নের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ব্যবস্থাপক দীপালি লিবারহান বলেন, দক্ষিণ এশিয়ায় সবার কাছে ইন্টারনেট-সেবা পৌঁছানোর ক্ষেত্রে মোবাইল সেটের দাম ও ইন্টারনেট-ব্যয় একটি বড় বাধা। এ ক্ষেত্রে সাশ্রয়ী সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
বিটিআরসির সাবেক চেয়ারম্যান মনজুরুল আলম টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোকে নিয়ন্ত্রকের পরিবর্তে সহায়ক হিসেবে কাজ করার পরামর্শ দেন।
ফোরামের বিভিন্ন অধিবেশনে আরও বক্তব্য দেন সিটিওর চেয়ারপারসন জুমা কানডিয়ে, নাইজেরিয়ার যোগাযোগ-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সোলা টেইলর, বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খান, নাইজেরিয়ার কমিউনিকেশন কমিশনের নির্বাহী ভাইস চেয়ারম্যান ইউজিন জুয়া, অ্যামটব মহাসচিব টিআইএম নুরুল কবীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও টেলিকম সাউথ আফ্রিকার এব্রিগেইল সোনো প্রমুখ।
কাল মঙ্গলবার সম্মেলনের দ্বিতীয় দিনে চারটি কর্ম অধিবেশনে ভবিষ্যতের মোবাইল প্রযুক্তি, এম কমার্স বিপ্লব, ক্লাউড কম্পিউটিং, বিগ ডাটা অ্যানালাইসিস নিয়ে আলোচনা হবে।