ডিজিটাল ভূমি জরিপ ও সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন
এখন যে কেউ নিজের ইউনিয়নে বসেই খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তাঁকে আর জেলা প্রশাসকের কার্যালয়ে আসতে হবে না। এতে মানুষের হয়রানি কমবে। চট্টগ্রামে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ, রেকর্ড প্রণয়ন ও সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে ভূমি জরিপ ডিজিটাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ডিজিটাল ভূমি জরিপ প্রকল্পের পরিচালক পূন্যব্রত চৌধুরী ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খলিলুর রহমান।
অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতির কারণে এখন মাত্র সাত দিনের মধ্যে খতিয়ান তোলা যাবে। আগে খতিয়ান তুলতে এক মাস পর্যন্ত সময় লাগত। পর্যায়ক্রমে চট্টগ্রামে ৪০ লাখ খতিয়ান ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে।