ডিজিটাল মাধ্যম এখন বাস্তবতা
ছাপা পত্রিকাসহ প্রথাগত গণমাধ্যমের ওপর ডিজিটাল মাধ্যমের প্রভাব বাড়ছে। ডিজিটাল মাধ্যম এখন বাস্তবতা। একে হুমকি না মনে করে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত। সেই সঙ্গে ডিজিটাল মাধ্যমের সুবিধা নিয়ে কীভাবে প্রথাগত মাধ্যমকে আরও গতিশীল করা যায়, সেদিকেও দৃষ্টি দিতে হবে।
‘ডিজিটাল মিডিয়া: হুমিক ও সম্ভাবনা’ শীর্ষক সম্মেলনে এমন পরামর্শ উঠে এল। আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সম্মেলনের আয়োজন করে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (সিজেএ) বাংলাদেশ ও ভারত চ্যাপটার।
অনুষ্ঠানের আলোচ্য বিষয়ের সঙ্গে একটু ভিন্নতা পোষণ করে ‘ডিজিটাল মাধ্যম: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মূল উপস্থাপনা তুলে ধরেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার। যোগাযোগমাধ্যমের প্রাচীন, বর্তমান এবং ভবিষ্যৎ চিত্র উঠে আসে এ উপস্থাপনায়। মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ, যারা একটি দেশকে ডিজিটাল দেশ হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশে এখন ১৩ কোটি মানুষ মুঠোফোন ব্যবহার করে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৬০ লাখ। তিনি বলেন, ডিজিটাল মিডিয়া এখন বাস্তবতা। একে হুমকি মনে করাটা অমূলক। বরং এই মিডিয়াকে প্রথাগত মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর অপব্যবহার হচ্ছে না তা বলা যাবে না। তবে অপব্যবহারের এসব আশঙ্কা রোধ করার নানা হাতিয়ার কিন্তু প্রযুক্তিই সরবরাহ করেছে। এর একটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংকিং।
অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘সনাতন গণমাধ্যম তাদের অবস্থান হারাচ্ছে। বড় বড় সংবাদপত্র ডিজিটাল মাধ্যমের বাস্তবতাকে উপলব্ধি করে এদিকে ঝুঁকে পড়েছে। এটি শুভ লক্ষণ। এ বাস্তবতা যত দ্রুত আমাদের দেশের গণমাধ্যম বুঝতে পারবে ততই মঙ্গল।’ তিনি বলেন, ‘ডিজিটাল মাধ্যমে তথ্য বিকৃতির অনেক সুযোগ আছে। একে আমরা তারুণ্যের সমার্থক বলে মনে করতে পারি। তরুণদের অভিজ্ঞতা কম থাকে, তারা ভুল করে ফেলে। এসব কাটিয়ে উঠে একটি দায়িত্বশীল ডিজিটাল মাধ্যম গড়ে তোলা দরকার।’
সিজেএর গ্লোবাল প্রেসিডেন্ট মহেন্দ্র বেদ বলেন, ‘ডিজিটাল মাধ্যমে প্রবেশ এবং প্রভাব আমাদের প্রতিদিনের কর্মে। একে অস্বীকার করার কোনো উপায় নেই। ডিজিটাল মাধ্যমে পরিবেশিত তথ্য নিয়ে নানা বিভ্রান্তির সৃষ্টি হয় অনেক সময়। তবে এর ইতিবাচক ব্যবহার দরকার।’
ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের জ্যেষ্ঠ সম্পাদক জয়ন্ত রায় চৌধুরী বলেন, এবারের উত্তর প্রদেশ রাজ্যে বিজেপির জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার অতীতের আর কোনো নির্বাচনে হয়নি। বিজেপি একেবারে বুথভিত্তিক যেভাবে ডিজিটাল মাধ্যমের ব্যবহার করেছে, সেটা ছিল তাদের জয়ের চালিকাশক্তি। এখন তাদের কাছে থেকে শিক্ষা নিয়ে বিরোধী কংগ্রেস ডিজিটাল সেল স্থাপন করেছে। এমনকি যে সিপিএম এসব বিষয়ে পিছিয়ে ছিল তারাও এখন এই প্রযুক্তির সহায়তা নিচ্ছে।
টাইমস অব ইন্ডিয়ার হায়দরাবাদের সাবেক আবাসিক সম্পাদক কিংশুক নাথ বলেন, ডিজিটাল মাধ্যমের চেয়ে সংবাদপত্রের প্রতি মানুষের আস্থা এখনো বেশি। তবে প্রথাগত গণমাধ্যম এখন অস্তমিত সূর্যের মতো।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, কীভাবে ডিজিটাল মাধ্যমের সঙ্গে ছাপা সংবাদপত্রের একটি মেলবন্ধন ঘটানো যায়, সেটি একটি বড় চ্যালেঞ্জ। ছাপা পত্রিকাকে এখন সেই চ্যালেঞ্জ নিয়ে তাদের উপস্থাপনার রীতি পাল্টাতে হবে।
সিজেএর বাংলাদেশ চ্যাপ্টারের সম্পাদক সালেহ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সিজেএর ইমেরিটাস প্রেসিডেন্ট হাসান শাহরিয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান , চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজিএ বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।