ডিজিটাল মেলায় স্বপ্নের সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পদচারী সেতু (ফুট ওভারব্রিজ) না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ কারণে দীর্ঘদিন ধরে এ এলাকায় সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গত মঙ্গলবার মানিকগঞ্জে শুরু হওয়া ডিজিটাল উদ্ভাবনী মেলায়ও দেখা গেছে তার প্রতিফলন।
মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এ টু আই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার বিধান ত্রিপুরা। এ মেলা চলবে আজ বৃহস্পতিবার পর্যন্ত।
সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী মেলায় দেখা যায়, সারি সারি বৈদ্যুতিক হ্যালোজেন বাতি দিয়ে সাজানো বিশাল পদচারী সেতু। সেই সেতু পারাপার হচ্ছে স্কুলের ছোট্ট শিশু থেকে শুরু করে নারী-পুরুষ সবাই। ট্রাফিক আইন মেনে চলাচল করছে যানবাহন। এমনভাবেই সেটিকে তুলে ধরেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
স্থানীয় লোকজন জানান, অফিস-আদালত, স্কুল-কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিনিয়ত বাসস্ট্যান্ড এলাকা হয়ে জেলা সদরে যাতায়াত করেন হাজারো মানুষ। পদচারী সেতু না থাকায় পথচারীরা প্রায়ই এখানে দুর্ঘটনার শিকার হচ্ছেন। বছর দুই আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের ১১ বাঁক প্রশস্তকরণের কাজ পরিদর্শনে এলে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনও এখানে পদচারী সেতু নির্মাণের দাবি জানান।
বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় কতজন নিহত কিংবা আহত হয়েছেন তাঁর কোনো সঠিক পরিসংখ্যান পুলিশ অথবা জেলা প্রশাসনের কাছে নেই। তবে বিভিন্ন পত্রিকার প্রকাশিত সংবাদের তথ্যানুযায়ী, গত পাঁচ বছরে এখানে ট্রাফিক পুলিশসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক নূরুল ইসলাম বলেন, বাসস্ট্যান্ড এলাকার আশপাশে কয়েকটি বিদ্যালয় আছে। প্রতিদিন ছোট শিশুরা ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। এ ছাড়া প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে।
পৌর মেয়র রমজান আলী বলেন, এ এলাকায় সেতু হওয়া জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।