ডিজিটাল যশোরের পথচলা
বেশ কিছুদিন আগেও অফিসে আসা-যাওয়ার সময় নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কথা-কাটাকাটি হতো। অফিসে দেরি করে এসেও অনেকে দাবি করতেন, তিনি সঠিক সময়েই এসেছেন। অফিসে এসে যে যাঁর খুশিমতো খাতায় উপস্থিতি সই করে দিতেন বলে ওই দাবির প্রমাণ পাওয়া অসম্ভব ছিল। কিন্তু এখন কেউ দেরি করে এসে আর দাবি করতে পারেন না, তিনি সঠিক সময়েই এসেছেন। কারণ যশোর জেলা প্রশাসন কার্যালয়ের প্রবেশদ্বারে রাখা হয়েছে ডিজিটাল হাজিরা পদ্ধতির মেশিন (অ্যাটেনডেনস সিস্টেমের সেন্সর)। অফিসে ঢোকার আগে ওই মেশিনে নিজেদের পরিচয়পত্র ছোঁয়ালেই স্বয়ংক্রিয়ভাবে কর্মকর্তা-কর্মচারীদের আসা-যাওয়ার সময় ও তারিখ কম্পিউটারে সংরক্ষিত থাকে। এতে অফিসে আসা-যাওয়া নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা ফিরে এসেছে। সম্প্রতি যশোর জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এই ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে।
জানতে চাইলে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘মাস ছয়েক আগেও বিষয়টি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কথা-কাটাকাটি লেগেই থাকত। আর এখন এ বিষয়ে কারও সঙ্গে কথা বলার কোনো সুযোগ নেই। কম্পিউটারে ক্লিক করেই প্রত্যেকের আসা-যাওয়ার সময় জানতে পারছি। বাধ্য হয়েই এখন সবাইকে সকাল নয়টার মধ্যে অফিসে আসতে হচ্ছে। যেতেও হচ্ছে নির্দিষ্ট সময়ে। এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়েছে।’
জানা গেছে, কিছুদিন আগেও জমির একটি পরচা তুলতে ১৮-২০ দিন ধরনা দিতে হতো। অনেককে ঘুষও দিতে হয়েছে। আর এখন জেলা তথ্য বাতায়নের (www.dcjessore.gov.bd) ওয়েবসাইট থেকে আবেদন করে মাত্র দুই-তিন দিনের মধ্যে সাধারণ জনগণ জমির পরচা তুলে নিতে পারছেন।
গত বৃহস্পতিবার জেলা ই-সেবাকেন্দ্রে সরেজমিনে দেখা যায়, সেবাকেন্দ্রের সামনে জমির পরচা নিতে আসা মানুষের অনেক ভিড়। পরচা নিতে আসা হাসান কবির নামের মাদ্রাসার এক শিক্ষক প্রথম আলো ডটকমকে বলেন, ‘সপ্তাহ খানেক আগে সাতটি পরচার জন্য আবেদন করেছিলাম। আজ পাঁচটি পরচা হাতে পেয়েছি। আবেদন ফরমসহ প্রতি পরচায় খরচ হয়েছে ১৩ টাকা।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের সেপ্টেম্বরে জেলা ই-সেবাকেন্দ্র চালু হওয়ার পর ডিজিটাল পদ্ধতিতে জমির পরচা দেওয়ার ব্যবস্থা করা হয়। ওই সময় থেকে এ পর্যন্ত এক লাখ ৭০ হাজার ৩০৬টি পরচা ই-সেবার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে; যার অর্ধেকই দেওয়া হয়েছে অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে। প্রতিদিন গড়ে ৫০০টি পরচার আবেদন আসে, যার অর্ধেক আসে অনলাইনে ওয়েব পোর্টালের মাধ্যমে।
অনলাইনে জনগণের অংশগ্রহণ
যশোর জেলার সরকারি সব কার্যক্রম ডিজিটাল হওয়ার পর তাতে জনগণের অংশগ্রহণও বেড়েছে অনেকগুণ। আর ফলাফলও পাওয়া যাচ্ছে দ্রুত।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে যশোর জিলা স্কুলের এক শিক্ষার্থী শহরে পর্নোগ্রাফি বন্ধের জন্য অনলাইনে আবেদন করেছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যশোর শহরের সাইবার ক্যাফেতে কয়েক দফা অভিযান চালিয়ে তা বন্ধ করা হয়।
এ ছাড়া এখন দাপ্তরিক যেকোনো সিদ্ধান্ত অনলাইনের মাধ্যমেই কর্মকর্তা ও কর্মচারীদের জানিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। এভাবে যশোর জেলার সরকারি ও বেসরকারি পর্যায়ের চিঠিপত্র এখন অনলাইনেই আদান-প্রদান করা হয়। তবে ডাকযোগে আসা চিঠিপত্র জেলা ই-সেবাকেন্দ্রে জমা হয়। সেখান থেকে দাপ্তরিক চিঠিগুলো স্ক্যান করে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ই-মেইলে পাঠিয়ে দেওয়া হয়। এতে সেবাপ্রার্থী মানুষের ভোগান্তির পরিমাণ অনেকটাই কমে গেছে, আর বেড়ে গেছে জেলা প্রশাসনের ব্যস্ততা।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘নীরবে কাজ হয়, মানুষ টের পায় না। আমাদের এখন কর্মঘণ্টার সীমানা নেই। ব্যক্তিগত সময় বলেও কিছু নেই। এভাবে কাজ করতেই আমরা এখন অভ্যস্ত। বিষয়টা আমরা উপভোগ করি।’
মোস্তাফিজুর রহমান আরো বলেন, অনলাইন সেবা চালুর আগে একটি সিদ্ধান্ত দিতে সাত দিন সময় লেগে যেত। সাত দিন ধরে ফাইলটি কর্মকর্তাদের টেবিলে টেবিলে ঘুরত। এখন চার থেকে পাঁচ ক্লিকেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। এক মিনিটেরও কম সময়ে কাজটি হয়ে যাচ্ছে। কর্মকাণ্ডে গতি এসেছে। নিশ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি।
অনলাইনে প্রাথমিক বিদ্যালয় পর্যবেক্ষণ
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে যশোর জেলার এক হাজার ২৬৬টি স্কুলের ওয়েবসাইটের সমন্বয়ে একটি ওয়েব পোর্টাল (www.jessoreeducation.gov.bd) তৈরি করা হয়েছে।এই পোর্টালের মাধ্যমে বিদ্যালয়গুলোর তিন লাখ ৬০ হাজার ১৬২ জন ছাত্রছাত্রী, চার হাজার ১১৬ জন শিক্ষকের দৈনিক উপস্থিতি, ক্লাস পরীক্ষার তথ্য, স্কুল পরিচালনা কমিটির সভা, অভিভাবক সমাবেশের তথ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয় নির্দিষ্ট সময়ে জেলা প্রশাসন পেয়ে যাচ্ছে। তবে প্রধান শিক্ষকদের অধিকাংশই এখনো তাঁদের স্কুলের দৈনন্দিন তথ্য জানিয়ে খুদেবার্তা পাঠান না বলে অভিযোগ রয়েছে।
শহরের মসজিদ মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস প্রথম আলো ডটকমকে বলেন, ‘সিস্টেমটা খুবই চমত্কার। মাঝেমধ্যে খুদেবার্তা পাঠিয়ে স্কুলের তথ্য জানিয়ে দেওয়া হয়। কিন্তু প্রতিদিন তা করা সম্ভব হয় না।’ তিনি বলেন, ‘প্রধান শিক্ষকদের মধ্যে এ বিষয়ে আগ্রহের সৃষ্টি হয়েছে। অনেকে আমার কাছে বার্তা পাঠানোর সিস্টেম জানতে চান। কিন্তু আমি নিজেই বিষয়টি ভালো না জানার কারণে অন্যদের বোঝাতে পারি না। এ বিষয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে ভালো ফল পাওয়া যেতে পারে।’ বিশ্ব তথ্যভান্ডারে যুক্ত হওয়ার জন্য তিনি প্রতিটি স্কুলে মোডেমসহ একটি করে ল্যাপটপ দেওয়ার দাবি জানান।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, খুদেবার্তা পাঠাতে দুই থেকে আড়াই টাকা খরচ হয়। এ কারণে প্রধান শিক্ষকেরা অনেক সময় কাজটি করতে আগ্রহী হন না। নজরদারি জোরদার করলে আবার তাঁরা পাঠানো শুরু করেন। বার্তা পাঠানোর খরচ বাবদ মাসে ৫০ থেকে ৬০ টাকা দেওয়ার ব্যবস্থা করা হলে সফলতা পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।
খুদেবার্তায় নোটিশ-আমন্ত্রণ
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যেকোনো বৈঠক বা আলোচনায় উপস্থিত থাকার জন্য এখন খুদেবার্তার মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানানো হয়। এতে প্রতি মাসে ২৫ থেকে ৩০ রিম কাগজ ও কমপক্ষে ১০০ কর্মঘণ্টা সাশ্রয় হচ্ছে বলে জেলা প্রশাসক জানান।
এ ছাড়া সাধারণ জনগণ এখন ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করতে পারছেন।
বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা
২০১০ সালের সেপ্টেম্বরে জেলা ই-সেবাকেন্দ্র চালু হওয়ার পর তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির জন্য ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর জেলাকে ‘বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা’ হিসেবে ঘোষণা দেন। সে সময় তিনি ‘ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম’-এর উদ্বোধন করেন। এ সিস্টেমের আওতায় যশোর জেলার ২৩২টি সরকারি দপ্তরে যেকোনো সেবার জন্য অনলাইনে আবেদন করা যায়।
এ ছাড়া ই-সেবা সার্ভিসের জন্য ১৭টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে ২০১১ সালে যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানকে ই-এশিয়া-২০১১ পুরস্কার দেওয়া হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকের হাতে পুরস্কারের সনদ ও ক্রেস্ট তুলে দেন। এ ছাড়া ২০১২ সালে তিনি বর্ষসেরা জেলা প্রশাসকের সুখ্যাতি অর্জন করেন। তথ্য-প্রযুক্তি ও যোগাযোগমন্ত্রী মোস্তাফা ফারুক মোহাম্মদ তাঁর হাতে তুলে দেন ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২ পুরস্কার।