ডিজিটাল সাক্ষ্য সংজ্ঞায়িত করে সাক্ষ্য আইনে অন্তর্ভুক্ত করা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, কোন কোন জিনিস ডিজিটাল সাক্ষ্যের মধ্যে পড়বে এ বিষয়ে ১৮৭২ সালের সাক্ষ্য আইনে বলা নেই। এসব জিনিস নির্দিষ্ট ও সংজ্ঞায়িত করে সাক্ষ্য আইন সংশোধন করা দরকার।
রাজধানীতে গতকাল সোমবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আয়োজিত আইনবিষয়ক বক্তৃতায় বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ বিশ্ববিদ্যালয়ের গ্রিন রোডের ক্যাম্পাসে এ বক্তৃতার আয়োজন করে।
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাঁর বক্তৃতায় দেশের সাক্ষ্য আইনের নানা দিক তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ডিজিটাল সাক্ষ্যের মধ্যে অনেক কিছু আছে। সিডি, ভিডিও, মেসেজ, সামাজিক গণমাধ্যম—কোন জিনিস কীভাবে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, এ বিষয়ে সাক্ষ্য আইনে কিছু বলা নেই। যত দিন পর্যন্ত এসব বিষয় সাক্ষ্য আইন সংশোধন করে অন্তর্ভুক্ত না করা যাবে, তত দিন পর্যন্ত এসব বিষয় সাক্ষ্য হিসেবে গ্রহণে সমস্যা থেকে যাবে।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য সাক্ষ্য আইন সংশোধন জরুরি উল্লেখ করে বিচারপতি সিনহা আরও বলেন, বিদেশিরা যখন এ দেশে বিনিয়োগ করবে, তখন তারা চাইবে এসব বিষয়ে যেন পর্যাপ্ত আইন থাকে। কারণ, কাজ করতে গেলে যেকোনো বিষয় নিয়ে তাদের আদালতের দ্বারস্থ হওয়ার প্রয়োজন দেখা দিতে পারে। কিন্তু যদি যথাযথ আইন না থাকে, তখন এগুলো নিষ্পত্তি করা কঠিন হয়ে পড়বে।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।