ডিজিটাল সার্ফিং সিটি হবে কক্সবাজার

অবকাঠামোগত উন্নয়ন শেষে কক্সবাজারকে ডিজিটাল সার্ফিং সিটি হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। তিনি বলেন, কক্সবাজারে একটি আন্তর্জাতিক সার্ফিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে। গতকাল শনিবার দুপুরে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে জাতীয় ক্লাব কাপ সার্ফিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দুই দিনের এ প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে বিজয়ী ১২ জন সার্ফারকে পুরস্কৃত করা হয়। ল্যাব এইডের সহযোগিতায় বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের (বিএসএ) উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে স্থানীয় ১০টি ক্লাবের ১৩০ জন সার্ফার অংশ নেন।
টুর্নামেন্টে চারটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন চারজন সার্ফার। তাঁরা হলেন নাসির উদ্দিন, মান্নান হোসেন, ফাতেমা বেগম ও সিরাজ উল্লাহ।
বিএসএর সভাপতি সাংসদ কাজী ফিরোজ রশিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ল্যাব এইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আবদুর রহমান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমি, নিসর্গ রিসোর্টের ব্যবস্থাপক (অপারেশন) দেলোয়ার হোসেন, বিএসএর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
এ এম শামীম বলেন, সার্ফিং উন্নত বিশ্বের অত্যন্ত জনপ্রিয় খেলা। কক্সবাজার সমুদ্র সার্ফিংয়ের জন্য উপযুক্ত জায়গা। সার্ফিংয়ের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বে তুলে ধরা যাবে। আগামী দিনেও সার্ফিং প্রতিযোগিতা আয়োজনে ল্যাব এইড সহযোগিতা দিয়ে যাবে।
প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, সার্ফারদের সুযোগ-সুবিধা বাড়াতে ধীরে ধীরে সবকিছুই করা হবে। সার্ফিং বোট কেনার জন্য পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
বিএসএর সভাপতি কাজী ফিরোজ রশিদ বলেন, সরকারের সহযোগিতায় সার্ফারদের অবকাঠামোগতসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার কাজ চলছে। আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতায় নিয়ে যাওয়ার জন্য কক্সবাজারের সার্ফারদের গড়ে তোলা হচ্ছে।