ডিজিটাল সেন্টারের ১১ হাজার উদ্যোক্তার সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল মঙ্গলবার ঢাকার জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হবে ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন ২০১৪। ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনে অবস্থিত ডিজিটাল সেন্টারে কর্মরত প্রায় ১১ হাজার উদ্যোক্তা এই সম্মেলনে অংশ নেবেন। এঁদের প্রায় অর্ধেকই নারী। সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল রোববার এই আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশে কাজ করা প্রান্তিক প্রযুক্তি যোদ্ধাদের এই সম্মেলনের মাধ্যমে সম্মানিত ও অনুপ্রাণিত করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের চার হাজার ৫৪৭টি ইউনিয়ন, ৩২১টি পৌরসভা ও ১১টি সিটি করপোরেশনে স্থাপিত ডিজিটাল সেন্টারগুলো গ্রামীণ জনপদের সাধারণ মানুষের তথ্য ও সেবা প্রাপ্তির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। এসব কেন্দ্র থেকে এ পর্যন্ত প্রায় ১২ কোটি সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে অনলাইনে জন্মনিবন্ধন হয়েছে সাত কোটি। সেবা দিয়ে উদ্যোক্তারা আয় করেছেন প্রায় ১৪০ কোটি টাকা।
জুনাইদ আহমেদ বলেন, ডিজিটাল সেন্টারগুলোর উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এই সম্মেলনের মাধ্যমে ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি পুরস্কার এবং ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স পুরস্কার উদ্যাপন করা হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, ডিজিটাল সেন্টার থেকে গ্রামে বসেই মানুষ ৬০ ধরনের সেবা পাচ্ছে।